Global Terrorism Index: নিজের জালেই জড়িয়ে জঙ্গি হামলার তালিকায় উপরে পাকিস্তান, শীর্ষে কোন দেশ?
Global Terrorism Index: বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় স্থানে পাকিস্তান (Pakistan)। ২০২৪ সালে প্রতিবেশী দেশে জঙ্গি হামলায় (Terror Attack) নিহতদের সংখ্যা একলাফে ৪৫ শতাংশ বেড়ে গিয়েছে বলে উল্লেখ রিপোর্টে। ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস (IEP) গ্লোবাল টেররিজম ইনডেক্স (Global Terrorism Index) রিপোর্ট প্রকাশ করে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
শুধু ২০২৪ সালেই পাকিস্তানে নানা জঙ্গি হামলায় ১ হাজার ৮১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার প্রকাশিত ওই রিপোর্টের তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পাকিস্তানে ২০২৩ সালে জঙ্গি হামলার সংখ্যা মোট ৫১৭টি । ২০২৪-এ সেই সংখ্যাটা একলাফে বেড়ে গিয়ে ১ হাজার ৯৯-এ দাঁড়ায়। যার জেরে ১ হাজার ৮১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

প্রতি বছর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ (Terrorism) সংক্রান্ত সূচক রিপোর্ট প্রকাশ করে ওই সংস্থা। ২০০০ সাল থেকে বিশ্বে সন্ত্রাসের ধরন ও প্রবণতা সম্পর্কে রিপোর্ট প্রকাশ করে আসছে সংস্থাটি। সন্ত্রাস কবলিত মোট দেশের সংখ্যাও বেড়ে গিয়েছে। ২০২৫ এর রিপোর্টে দেখা গিয়েছে, সন্ত্রাস বিধ্বস্ত দেশের সংখ্যা ৫৮ থেকে ৬৬টি হয়ে গিয়েছে। যা গোটা বিশ্বের জন্য নিঃসন্দেহে উদ্বেগের।
রিপোর্টে দেখা গিয়েছে, মোট ৪৫টি দেশে লাফিয়ে বেড়েছে সন্ত্রাস। আবার, ৪৫টি এমন দেশও রয়েছে যেখানে জঙ্গিমূলক কার্যকলাপ কমেছে। ২০২৪ সালে অধিকাংশ জঙ্গি হামলার নেপথ্যেই বিশ্বের ৪টি প্রভাবশালী জঙ্গি সংগঠন (Terror Organisation) জড়িয়ে রয়েছে বলে উল্লেখ রিপোর্টে। গোটা বিশ্বে জঙ্গি হামলার কারণে মৃত্যুর সংখ্যা ১১ শতাংশ বেড়ে গিয়েছে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে।
রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসে শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসো। এরপর রয়েছে পাকিস্তান, সিরিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, সোমালিয়া, ইজরায়েল, আফগানিস্তান ও ক্যামেরুন। উল্লেখযোগ্য বিষয়, দিন দিন জঙ্গি সংগঠনগুলিকে মদত দিয়ে এবার নিজের জালেই জড়িয়ে গিয়েছে পাকিস্তান। সন্ত্রাস কবলিত দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে চলে এসেছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications