জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নতুন ফন্দি, নারীদের জিহাদে নামানোর জন্য অনলাইন কোর্স চালু, নেতৃত্বে মাসুদ আজহারের প
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ তথা জেইএম এবার নারীদের জিহাদে যুক্ত করার নতুন উপায় বের করেছে। সংগঠনটি চালু করেছে এক অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি 'তুফাত আল-মুমিনাত' যার লক্ষ্য নারীদের জঙ্গি ব্রিগেড 'জামাত উল-মুমিনাত' এ অন্তর্ভুক্ত করা ও অর্থ সংগ্রহ করা। এই কোর্সটি আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে।
জানাগেছে, এই কোর্সে পাঠদান করবেন জইশ প্রধান মাসুদ আজহার এর পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বোন সাদিয়া আজহার ও সামাইরা আজহার। প্রতিদিন ৪০ মিনিটের ক্লাসে অংশগ্রহণকারীদের শেখানো হবে 'জিহাদ, ধর্ম ও ইসলামের আলোকে নারীর কর্তব্য'।

প্রতিটি নারী অংশগ্রহণকারীর কাছ থেকে সংগঠনটি নিচ্ছে ৫০০ পাকিস্তানি রুপি অনুদান, ও তাদের দিয়ে একটি অনলাইন তথ্যফর্ম পূরণ করানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে পাকিস্তানের দ্বিচারিতা আবারও প্রকাশ পেল,একদিকে ইসলামাবাদ আন্তর্জাতিকভাবে সন্ত্রাস দমন ও এফ এ টি এফের নিয়ম মেনে চলার দাবি করছে, অন্যদিকে নিজেদের মাটিতেই জইশের মতো সংগঠনকে অনুদান সংগ্রহ ও অনলাইন প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে।
এর আগে ৮ অক্টোবর মাসুদ আজহার ঘোষণা করেছিলেন নারীদের জন্য আলাদা এক ব্রিগেড 'জামাত উল-মুমিনাত'। এরপর ১৯ অক্টোবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে আয়োজন করা হয় এক সভা, 'দুখতারান-ই-ইসলাম', যেখানে নারীদের দলে টানার উদ্দেশ্যে প্রচার চালানো হয়।
সূত্রের খবর, পাকিস্তানের সামাজিক কাঠামোয় নারীদের একা বাইরে যাওয়া নিষিদ্ধ বা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়ায়, জইশ এখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের জঙ্গি কার্যক্রমে যুক্ত করছে। আইএসআইএস, হামাস কিংবা এলটিটিই এর মতো সংগঠনের আদলে তৈরি করা হচ্ছে এই নারী বাহিনী, যাদের ভবিষ্যতে আত্মঘাতী হামলায় ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে 'জামাত উল-মুমিনাত' এর নেতৃত্ব দেওয়া হয়েছে মাসুদ আজহারের ছোট বোন সাদিয়া আজহারকে, যার স্বামী ইউসুফ আজহার নিহত হয়েছিলেন ভারতের অপারেশন সিঁদুরে। জইশের শুরা পরিষদে স্থান পেয়েছেন আজহারের আরও ২ বোন সাফিয়া ও আফরীরা ফারুক, যিনি পুলওয়ামা হামলার মূলচক্রী উমর ফারুকের স্ত্রী।
এই নতুন উদ্যোগে পাকিস্তানের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে, দেশটি কি সত্যিই সন্ত্রাস দমনে প্রতিশ্রুতিবদ্ধ, নাকি গোপনে জিহাদের নতুন অধ্যায় লিখছে?












Click it and Unblock the Notifications