ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দিরে ভাঙচুর, ‘ঘৃণ্য কাজ’ বলে নিন্দা জানাল ভারত
ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় ভারত তীব্র নিন্দা জানাল এবার। একই সাথে মার্কিন কর্তৃপক্ষের প্রতি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশ। রবিবার এই ঘটনার পর ভারতীয় বিদেশ মন্ত্রক একে 'ঘৃণ্য কাজ' বলে অভিহিত করেছে।
ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের খবর পেয়েছি। আমরা এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই"। তিনি মার্কিন প্রশাসনের প্রতি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।

এই ভাঙচুরের কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ায় তথাকথিত 'খালিস্তানি গণভোট' অনুষ্ঠিত হয়। রবিবার চিনো হিলসের BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে ভারতবিরোধী বার্তা সহ বিভিন্ন গ্রাফিটি দেখা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহারেরও প্রমাণ মিলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের BAPS কর্তৃপক্ষ এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং একে হিন্দু সম্প্রদায়ের প্রতি ঘৃণার প্রকাশ বলে আখ্যা দিয়েছে। সংস্থার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানান হয়, "এই হামলার মাধ্যমে আমাদের সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা শান্তি ও করুণার মাধ্যমে ঘৃণাকে পরাস্ত করব"।
উল্লেখ্য, গত বছরও ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে একই ধরনের হামলার ঘটনা ঘটে। নিউ ইয়র্কের এক মন্দিরে হামলার ১০ দিনের মধ্যেই ওই ঘটনা ঘটে বলে জানা যায়।
BAPS একটি বিশ্বব্যাপী সংস্থা, যার ১,৩০০-রও বেশি হিন্দু মন্দির রয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত চিনো হিলসের মন্দিরটিও এর অন্তর্ভুক্ত। এটি উত্তর আমেরিকার অন্যতম বড় শিখরবদ্ধ মন্দির।
উত্তর আমেরিকার হিন্দুদের প্রতিনিধিত্বকারী সংস্থা CoHNA (Coalition of Hindus of North America) এই ধরনের ক্রমবর্ধমান হামলার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে।
ভারত সরকারের পক্ষ থেকে মার্কিন প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications