Donald Trump: ভারতে টেসলার কারখানায় 'আপত্তি' ট্রাম্পের! মাস্ককে 'উসকানি' দিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টায় ট্রাম্প?
Donald Trump: এবার ভারতে টেসলা কর্ণধার ইলন মাস্কের (Tesla CEO Elon Musk) কারখানা করা নিয়েও আপত্তি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের ভোটারদের বুথমুখী করতে আমেরিকার তরফে যে অনুদান বরাদ্দ করা হত, তা বন্ধ করে দিয়েছে মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দফতর। আর এবার 'আমেরিকা ফার্স্ট'-এর লক্ষ্যে আখেরে গোছাতে উদ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, মাস্ক ভারতে তার কোম্পানির গাড়ি বিক্রি করবেন, এটা কার্যত মেনে নেওয়া যায় না। ভারতে টেসলার কারখানা নির্মাণে মাস্কের পরিকল্পনারও সমালোচনা করেন ট্রাম্প। সংবাদমাধ্যম ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প ভারতের আমদানিকৃত গাড়ির উপর চড়া শুল্ক চাপানোর প্রসঙ্গ টেনে আনেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে এব্যাপারে গত সপ্তাহে তাঁর কথাও হয়েছে বলে জানান ট্রাম্প। যদিও শুল্ক নিয়ে সংঘাত নিস্পত্তিহীনই থেকেছে বলে জানা গিয়েছে। ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, "দেশের প্রত্যেকটি দেশ আমেরিকার ফায়দা নেয়। শুল্কের মাধ্যমেই তারা সুযোগ নেয়। গাড়ি বিক্রি কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ঠিক যেমন ভারতের ক্ষেত্রেই।"
ভারতের আমদানি শুল্ক নিয়ে দীর্ঘ সমালোচনা করেছেন টেসলার সিইও ইলন মাস্কও। ইলেকট্রিক যানবাহনের উপর প্রায় ১০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে বলে দাবি তাঁর। দেশীয় গাড়ি নির্মাতা টাটা মোটরসের মতো সংস্থাকে বাঁচাতেই এই চড়া শুল্কের সিদ্ধান্ত বলে সমালোচনা করেন মাস্কও।
যদিও কেন্দ্রীয় সরকার বর্তমানে নতুন নিয়ম এনেছে। ইলেকট্রিক ভেহিকেলের জন্য নয়া নীতি গ্রহণ করা হয়েছে। আমদানি শুল্ক ১৫ শতাংশ পর্যন্ত কম হতে পারে যদি সংশ্লিষ্ট সংস্থা ন্যূনতম ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে দেশে কারখানা তৈরি করে।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নয়াদিল্লি ও মুম্বইতে শোরুমের জন্য জায়গাও চিহ্নিত করে ফেলেছে টেসলা। মিড লেভেল নিয়োগে ১৩টি পদের জন্য চাকরির বিজ্ঞাপনও দিয়েছে তারা। তবে এখনও ভারতে গাড়ি উৎপাদন করে না টেসলা।
ট্রাম্প এদিন বলেন, ভারতে গাড়ির কারখানা নির্মাণ করার অধিকার রয়েছে মাস্কের, তবে তা হলে আমেরিকার সঙ্গে বঞ্চনা করা হবে। আমেরিকার সঙ্গে সত্যিই খুব অন্যায় হবে। ট্রাম্পের এহেন মন্তব্য অবশ্য বিদেশমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications