Trump on Trudeau Resignation: আমেরিকার সঙ্গে জুড়ে যাবে কানাডা! ট্রুডো গদি ছাড়তেই বড় ইঙ্গিত ট্রাম্পের
Trump on Trudeau Resignation: জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী (Canada PM) পদে ইস্তফা দিতেই ফের কানাডা দখলের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম প্রদেশ করার প্রস্তাব রাখলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। প্রতিবেশী ট্রুডো বরাবরই ট্রাম্পের শত্রু। আর তাই কানাডার প্রধানমন্ত্রী ইস্তফা দিতেই সুযোগ বুঝে ফের একবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
সোমবার ইস্তফা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশবাসীর কাছে তো বটেই, দলের অন্দরেও কোণঠাসা হয়ে পড়েছিলেন ট্রুডো। ঘরে বাইরে প্রবল চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ট্রুডো। দলনেতার পাশাপাশি প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে দেন তিনি। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত অবশ্য তিনি দায়িত্ব সামলাবেন বলেও জানিয়ে দেন।

ট্রাম্পের নিজস্ব ট্রুথ (Truth) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একাধিকবার কানাডাকে অন্তর্ভুক্তি করার দাবি তোলা হয়। ২০১৭ তে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন থেকেই ট্রুডোর সঙ্গে সম্পর্ক তিক্ত ছিল তাঁর।
২০২১ পর্যন্ত কার্যকালে সেই তিক্ততা মেটেনি। গত ভোটে জেতার পর ট্রুডোর সঙ্গে দেখাও করেন ট্রাম্প। এরপর থেকেই কানাডাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ৫১ তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প।
সোশ্যাল হ্যান্ডেলে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের ৫১ তম প্রদেশ হিসেবে কানাডাকে অন্তর্ভুক্ত করতে চান সেদেশের বহু মানুষও। কানাডার বাণিজ্য বাবদ ঘাটতি ও ভর্তুকির যন্ত্রণা আমেরিকা আর সহ্য করবে না। ট্রুডো সেটি ভালোমতোই জানেন আর তাই পদত্যাগ করেছেন বলে জানান ট্রাম্প।
তিনি আরও লেখেন, কানাডা যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ হয়ে যায়, তাহলে অতিরিক্ত শুল্ক থাকবে না। কর কমানো হবে। রাশিয়া ও চিনের জাহাজের নজরদারি ও ভীতিপ্রদর্শন থেকেও কানাডা মুক্তি পাবে। ট্রাম্পের দাবি, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে জুড়ে গেলে দারুণ হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর অবশ্য কানাডার সরকারের তরফে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এর আগেও শুল্ক চাপানো নিয়ে কানাডাকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। টরন্টো থেকে অবৈধ মাদক ও দক্ষিণের সীমানা থেকে শরণার্থী অনুপ্রবেশ না রুখলে কানাডার উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
এর আগে বেশ কিছু পোস্টে কানাডাকে যুক্তরাষ্ট্রের প্রদেশ দাবি করে ট্রুডোকে সেই প্রদেশের গভর্নর হিসেবেও কটাক্ষ করেছিলেন ট্রাম্প। আর এবার ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর গদি ছাড়ায় আহ্লাদে আটখানা আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications