ভোটার তালিকা সংশোধনে অচলাবস্থা, হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, নিষ্পত্তির নির্দেশ

পশ্চিমবঙ্গে এসআইআর ঘিরে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের টানাপোড়েন যখন চরমে, তখন পরিস্থিতি সামাল দিতে সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানায়, এই অস্বাভাবিক পরিস্থিতিতে কোন পক্ষ কত পদমর্যাদার আধিকারিক নিয়োগ করবে, তা নির্ধারণ করা আদালতের পক্ষে প্রায় অসম্ভব।

দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও বর্জন সংক্রান্ত যে সব দাবি ও আপত্তি জমা পড়েছে, বিশেষ করে যেখানে 'লজিক্যাল ডিসক্রেপেন্সি' বা যৌক্তিক অসঙ্গতির প্রশ্ন উঠেছে, সেগুলির নিষ্পত্তি করতে জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারকের পদমর্যাদার বর্তমান ও প্রাক্তন বিচারিক আধিকারিকদের নিয়োগ করা হোক। এজন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানায় সুপ্রিম কোর্ট।

আদালতের মতে, ভোটার তালিকার যথার্থতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। তাই প্রশাসনিক জট কাটিয়ে নিরপেক্ষ বিচারিক নজরদারির মাধ্যমে আপত্তিগুলির দ্রুত নিষ্পত্তি জরুরি।

পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি ও রাজ্য নির্বাচন কমিশনারকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও সলিসিটর জেনারেলও। লক্ষ্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার রূপরেখা চূড়ান্ত করা।

একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, ২১ ফেব্রুয়ারি প্রকাশিত খসড়া বা চূড়ান্ত তালিকাকে চূড়ান্ত বলে ধরা যাবে না। চলমান শুনানির ভিত্তিতে প্রয়োজনে পরবর্তী সময়ে সম্পূরক তালিকা প্রকাশ করতে পারবে ভারতের নির্বাচন কমিশন। অর্থাৎ, বিচারিক সিদ্ধান্তের আলোকে সংশোধনের পথ খোলা থাকছে।

এই নির্দেশে স্পষ্ট, ভোটার তালিকা নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটাতে সুপ্রিম কোর্ট প্রথাগত প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে গিয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর রাজ্য পশ্চিমবঙ্গে নির্বাচনী তালিকার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করাকে অগ্রাধিকার দিয়েছে আদালত।

জেলা স্তরের বিচারকদের মাধ্যমে আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত একদিকে যেমন নিরপেক্ষতার বার্তা দিচ্ছে, তেমনই সময়বদ্ধ প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে। আদালতের এই হস্তক্ষেপে স্পষ্ট বার্তা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মূলভিত্তি ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় কোনও আপস নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+