দৈনিক মৃত্যু পৌঁছতে পারে ৯০০০-এ, সত্যিই কি লুকোচ্ছে চিন?
দৈনিক মৃত্যু পৌঁছতে পারে ৯০০০-এ, সত্যিই কি লুকোচ্ছে চিন?
চিন থেকে করোনা নিয়ে সঠিক তথ্য সামনে আসছে না বলেই অনুমান করছে একাধিক দেশ। আর সেটাই সবথেকে বড় আশঙ্কার কারণ। ইউকে-র একটি সংস্থা যারা স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে থাকে, তাদের দাবি, চিনে পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে হয়ত দিনে ৯০০০ করে মানুষের মৃত্যুও হতে পারে।

লক্ষ লক্ষ মৃত্যুর আশঙ্কা
UK-র ওই সংস্থার দাবি, শুধুমাত্র ডিসেম্বরে চিনে আক্রান্ত হয়েছেন ১৮.৬ মিলিয়ন বা ১ কোটি ৮০ লক্ষ মানুষ। সেই হিসেবে ২০২২-এর ডিসেম্বরে মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়ে ছাড়িয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, জানুয়ারির মাঝামাঝি সেই সংখ্যা বাড়তে বাড়তে দৈনিক আক্রান্ত ছুঁতে পারে ৩৭ লক্ষও। ২৩ জানুয়ারির মধ্য়ে করোনায় অন্তত ৫ লক্ষ ৭৪ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তথ্য লুকোচ্ছে চিন
তবে চিন যা তথ্য দিয়েছে, তার সঙ্গে এই তথ্যের কোনও মিলই নেই। চিন সম্পর্কে ওয়াকিবহাল যাঁরা, তাঁরা বলছেন, চিন তাঁদেরকেই করোনায় মৃত বলে ঘোষণা করে, যাঁদের শ্বাসকষ্টে মৃত্যু হয় ও করোনা রিপোর্ট পজিটিভ আসে। সাধারণত অন্যান্য সব দেশ করোনা আক্রান্ত হওয়ার পর ২৮ দিনের মধ্যে মৃত্যু হলে, তাকেই করোনার কারণে মৃত্যু বলে চিহ্নিত করে। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর চিনে করোনায় মাত্র একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে।

WHO-র সঙ্গে চিনের বৈঠক
ইতিমধ্যেই চিনের আধিকারিকদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠক হয়েছে। আর সেখানে হু-র তরফ থেকে অনুরোধ করা হয়েছে চিনকে সব তথ্য দেওয়ার জন্য। কতজন আক্রান্ত, কতজন হাসপাতালে ভর্তি, কতজনের মৃত্যু হয়েছে, কতজনকে টিকা দেওয়া হয়েছে, সেই সব তথ্য দিতে বলা হয়েছে।

চিনা প্রেসিডেন্টের বার্তা
তবে বছর শেষের ভাষণে চিনের জন্য আশার আলোর কথা শোনা গিয়েছে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মুখে। তিনি দাবি করেন, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে দ্রুত। আর সে জন্য সবরকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, দ্রুত আশার আলো দেখতে চলেছে চিন। আর তার জন্য মানুষকে আরও বেশি ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন জিনপিং। চিনের পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কা বেড়েছে বিশ্ব জুড়েই। ভারতেও ব্যাপক সতর্কতা জারি হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণ করতে কোনও খামতি রাখা হচ্ছে না।












Click it and Unblock the Notifications