নেপালের আকাশে ফের দুর্ঘটনায়, কপ্টার ভেঙে পাঁচ জনের মৃত্যু
পাহাড়ের গায়ে ধাক্কা খেল হেলিকপ্টার। নিমেষে ভেঙে পড়ল নীচে। মারাত্মক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ফের নেপালের আকাশে দুর্ঘটনা।
কিছু দিন আগে, ২৪ জুলাই নেপালে বিমান দুর্ঘটনা হয়েছিল। ত্রিভুবন বিমান বন্দর থেকে ওড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ছোট বিমান। ওই মারাত্মক দুর্ঘটনায় ১৮ জন মারা গিয়েছিলেন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা নেপালের আকাশে। এবার যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনার খবর এসেছে।
জানা গিয়েছে, নেপালের কাঠমান্ডু থেকে ওই হেলিকপ্টারটি রওনা হয়েছিল। রসুয়ার উদ্দেশ্যে সেটি উড়ে গিয়েছিল। নুয়াকোট জেলার উপর দিয়ে সেটি যাচ্ছিল। সেই সময়ই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
সূর্যচৌড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় সেটি। পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে কপ্টারটির। সেখানেই ভেঙে আগুন ধরে যায়। কপ্টারটি এয়ার ডাইন্যাস্টি নামক নেপালি বিমান সংস্থার। কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দর থেকে সেটি উড়েছিল দুপুর একটা ৫৪ মিনিটে। কপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন অরুণ মাল্লা। ওই কপ্টারে চার জন চিনা যাত্রী ছিলেন।
কপ্টার দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর প্রাথমিক খবর এসেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা হল? যান্ত্রিক ত্রুটি না কী খারাপ আবহাওয়া ? কারণ, খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকারী দল কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওড়ার কিছু সময় পর থেকেই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল আর সম্পর্ক স্থাপন করতে পারেনি৷ পরে জানা গিয়েছে, হেলিকপ্টারটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে।












Click it and Unblock the Notifications