ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৬। আজ সকালে অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে টোঙ্গার কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (United States Geological Survey) জানিয়েছে যে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে প্রায় ২৩৭ কিলোমিটার গভীরে, সমুদ্রের নীচে। যার কেন্দ্র ছিল টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে প্রায় ১৫৩ কিলোমিটার পশ্চিমে।
এই কম্পনের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সমুদ্র সৈকত এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে যে, ভূমিকম্পটি গভীরে হওয়ার কারণে সুনামির কোনও আশঙ্কা নেই। নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরও এই একই কথা জানিয়েছে।
প্রসঙ্গত, টোঙ্গা 'রিং অফ ফায়ার' (Ring of Fire) অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ঘটনা ঘটে থাকে। ২০২২ সালে আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে সৃষ্টি হওয়া সুনামির কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছিল। প্রবল কম্পন হওয়ার সত্ত্বেও বড় বিপদের কোনও আশঙ্কা আপাতত নেই বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications