Weather Alert: ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা! বাংলা-সহ বিভিন্ন অংশের আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে জাতীয় রাজধানী এবং পার্শ্ববর্তী জাতীয় রাজধানী অঞ্চলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে। ১৭ সেপ্টেম্বর দিল্লি-এনসিআর-এর কিছু অংশে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে।
১৮ সেপ্টেম্বর জাতীয় রাজধানী ও এনসিআর অঞ্চলের কিছু অংশে হাল্কা বৃষ্টি এবং মেঘলা আকাশের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদিন ধরে জাতীয় রাজধানী এলাকার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর-মধ্য-মহারাষ্ট্রের কিছু অংশে ১৭ সেপ্টেম্বর, উত্তর কোঙ্কনে ১৭ সেপ্টেম্বর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশে ১৭-১৮ সেপ্টেম্বর, গুজরাতে ১৭-১৯ সেপ্টেম্বর, সৌরাষ্ট্র ও কচ্ছে ১৭-২০ সেপ্টেম্বর কোথাও ভারী, কোথাও অতিভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরাখণ্ড ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৭-১৮ সেপ্টেম্বর একইধরনের আবহাওয়া থাকতে পারে।
১৯-২১ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশার কিছু অংশ এবং ১৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কিছু অংশ বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭-২১ সেপ্টেম্বর মিজোরাম ও ত্রিপুরা, ১৮-২১ সেপ্টেম্বর অসম ও মেঘালয় এবং ২০-২১ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরের মতো উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে একইরকমের আবহাওয়া থাকতে পারে।
১৭ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব রাজস্থান এবং ১৭-১৮ সেপ্টেম্বর গুজরাত অঞ্চলে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮-১৯ সেপ্টেম্বর সৌরাষ্ট্র ও কচ্ছের কিছু অংশে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলার জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আপাতত নেই। উত্তরবঙ্গে রবিবারের পাশাপাশি সোমবার হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে রবিবার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হলেও, সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications