Ayodhya Ram Temple: রাম মন্দিরের গর্ভগৃহে থাকবে কোন মূর্তি? চূড়ান্ত হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
Ayodhya Ram Temple: অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে রাম লালার যে মূর্তিটি প্রতিষ্ঠিত হবে তা চূড়ান্ত করা হবে ভোটগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে। আজই সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
প্রাথমিকভাবে তিনটি মূর্তিকে বেছে নেওয়া হয়েছে। তিনজন আলাদা শিল্পী এই মূর্তিগুলি তৈরি করেছেন।

অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর বৈঠকে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়ায় যে মূর্তিটির জন্য ভোট বেশি পড়বে, রাম লালার সেই মূর্তিটিই প্রতিষ্ঠা করা হবে গর্ভগৃহে। যে মূর্তিটির ঈশ্বরিকতা ও শিশুসুলভ ভাব বেশি থাকবে সেটিকেই বেছে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাস্টের সচিব চম্পত রাই।
রাম মন্দির উদ্বোধনের দিন ধার্য হয়েছে ২২ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকাখচিত সেই অনুষ্ঠানের অনেক আগে থেকেই শুরু হবে নানা আচার-অনুষ্ঠান। প্রধানমন্ত্রী কাল অযোধ্যায় পৌঁছবেন। সংস্কার হওয়া রেল স্টেশন, বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। একটি জনসভায় বক্তব্য রাখবেন বলেও স্থির হয়েছে।
রাম জন্মভূমি মন্দিরের পথ চিহ্নিত করার জন্য এক বিশাল তোরণ নির্মাণের কাজও শেষ পর্যায়ে। সেটি তৈরি হয়েছে হনুমানগড়ি মন্দিরের কাছে। নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। প্রচুর ভক্ত সমাগম হবে, তেমনই নানা জগতের হেভিওয়েটরাও আমন্ত্রিত উদ্বোধনী অনুষ্ঠানে। যার জন্য সেজে উঠছে অযোধ্যা।
সূর্য স্তম্ভ বসিয়ে রাস্তার সৌন্দর্যায়ন হয়েছে। মন্দির চত্ত্বরে রয়েছে প্রচুর গাছগাছালি। মন্দির চত্ত্বরটিকে আত্মনির্ভর করে তোলার বন্দোবস্তও রয়েছে। নিকাশি, জল, দমকলের বন্দোবস্ত করা হয়েছে অত্যাধুনিক মানের। সম্পূর্ণ আলাদা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও হয়েছে। যে ৭০ একর জায়গায় মন্দিরটি তৈরি হচ্ছে তার ৭০ শতাংশ গ্রিন এরিয়া, অর্থাৎ গাছ রয়েছে। জানা যাচ্ছে, কিছু কিছু জায়গায় এত ঘন গাছগাছালি রয়েছে যে সূর্যের আলোও ঠিকভাবে দেখা যাচ্ছে না। আগে থেকেই ছয় শতাধিক গাছের সংরক্ষণও করা হয়েছে এখানে।












Click it and Unblock the Notifications