জুলাই-অগাস্টে সংক্রমণের শিখরে পৌঁছাবে ভারত, মত গঙ্গারাম হাসপাতালের উপাচার্যের
জুলাই-অগাস্টে সংক্রমণের শিখরে পৌঁছাবে ভারত, মত গঙ্গারাম হাসপাতালের উপাচার্যের
ভারতে করোনার সংক্রমণ আরও বাড়বে জুলাইয়ের মাঝামাঝি সময় বা অগাস্টে। শুক্রবার এমনটাই জানালেন স্যার গঙ্গারাম হাসপাতালের উপাচার্য ডাঃ এসপি ব্যোত্রা। তিনি আরও জানান, "২০২১-এর মার্চের আগে করোনার প্রতিষেধক আবিষ্কারের কোনও আশা আমি দেখছি না।" যদিও শুক্রবারই ভারতে করোনা আক্রমণ তিন লক্ষের গণ্ডি ছাপিয়ে গেছে বলে জানা যাচ্ছে।

এসপি ব্যোত্রা জানান, ১০-১৫% করোনা রোগীকেই হাসপাতালে ভর্তি করা উচিত। সরকারের বেসরকারি হাসপাতালগুলির সাথে একযোগে করোনা মোকাবিলায় নামা উচিত বলে মনে করেন তিনি। একইসাথে তিনি এও জানান, লকডাউনের বিধি-নিষেধ লঘু করার সাথে সাথে বিভিন্ন স্থানে মানুষের জমায়েত বাড়তে চলেছে। আর তাই এই মুহূর্তে হ্যান্ডওয়াশ ও মাস্ক ব্যবহার বাড়ানোর পাশাপাশি আরও বেশি করে সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে জোর দিতে হবে বলে মত তাঁর।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের খবর অনুযায়ী, শুক্রবার সমস্ত রেকর্ড ভেঙে ভারতে সংক্রামিত হয়েছেন ১০,৯৫৬ জন, মারা গেছেন ৩৯৬ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৫৭৯। সুস্থ হয়েছেন ১,৪৯,৭৬৭ জন এবং মারা গেছেন ৮,৫৫৩ জন।












Click it and Unblock the Notifications