US Amritsar Flight: অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামল আমেরিকার সামরিক বিমান, দেশে ফিরলেন ২০৫ জন
US Amritsar Flight: আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের (Illegal Indian Immigrants) ফেরত পাঠাল ট্রাম্পের প্রশাসন। বুধবার দুপুরে ২০৫ জন অবৈধ অভিবাসীকে নিয়ে পঞ্জাবের অমৃতসরে নামল মার্কিন সামরিক বিমান সি-১৭ (C-17 Flight)। অবৈধ অভিবাসীরা পঞ্জাব ও প্রতিবেশী রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। মার্কিন মসনদে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বসার পর এই প্রথম অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা।
আমেরিকার টেক্সাসের স্যান অ্যান্টোনিও থেকে ওই বিমান রওনা দেয়। এদিন দুপুরে দেড়টা নাগাদ অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। জানা গিয়েছে, অভিবাসীদের পরিচয়পত্র-সহ যাবতীয় নথি যাচাই করে দেখা হবে। বিমানবন্দর ছাড়ার আগে তাদের সবরকম নথি খতিয়ে দেখা হবে। ভারত ছাড়াও গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে অবৈধ অভিবাসীদের বিমানে করে ফেরত পাঠিয়েছে আমেরিকা।

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্পের সরকার। তার মধ্যে সবচেয়ে বেশি দূরত্বে যে দেশটি রয়েছে, তা হল ভারত। যদিও মার্কিন দূতাবাসের মুখপাত্র অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে আসা বিমান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানি। তবে তাঁর কথায়, সীমান্তে বজ্র আঁটুনির ব্যবস্থা করেছে আমেরিকা। অভিবাসন নীতিও আগের থেকে আরও কড়া হয়েছে। অবৈধ অভিবাসীদের ধরে বেঁধে ফেরত পাঠাচ্ছে ট্রাম্পের সরকার।
অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরানোর ব্যবস্থা করেছে আমেরিকা। ভারতে পাঠানোর আগে টেক্সাসের বিমানবন্দরেও চলে নথি যাচাইয়ের পর্ব। উড়ানের পর জার্মানির রামস্টাইন মার্কিন সেনা ঘাঁটিতে ফের জ্বালানি ভরা হয় বিমানটিতে। এরপর সেটি অমৃতসরের উদ্দেশে রওনা দেয়। এই প্রথম অবৈধ অভিবাসীদের কোনও দেশে ফেরাতে সেনাবাহিনীর বিমান ব্যবহার করল আমেরিকা। সি-১৭ ওই বিমানে জওয়ানদেরই নিয়ে যাওয়া হয়। বিমানটিতে জেট ইঞ্জিন, অনবোর্ড সিটিং ও শৌচালয় রয়েছে।
এদিকে, এল পাসো, টেক্সাস, সান দিয়েগো ও ক্যালিফোর্নিয়া থেকে ধৃত প্রায় পাঁচ হাজার অবৈধ অভিবাসীর প্রত্যর্পণের ব্যবস্থা করেছে পেন্টাগন। পিউ রিসার্চ সেন্টারের তরফে যে পরিসংখ্যান মিলেছে, তাতে বলা হয়েছে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর বাস মার্কিন মুলুকে। অবৈধ অভিবাসীদের সংখ্যায় মেক্সিকো ও এল স্যালভাদরের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।
আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মোদী (Narendra Modi)। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরাতে যথাযথ পদক্ষেপ নেবেন মোদী। মার্কিন মসনদে দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পরে এটাই মোদীর প্রথম মার্কিন সফর। অবৈধ অভিবাসন-সহ যুদ্ধ ও একাধিক ইস্যু নিয়ে কথা হবে দু'পক্ষের।












Click it and Unblock the Notifications