Telangana Election 2023: ফোকাস বিধানসভা নয় লোকসভা! ওয়েইসিকে চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু মুসলিম মহিলার
Telangana Assembly Election 2023: ত্রিশ নভেম্বর বিধানসভা নির্বাচন। যার জন্য তেলেঙ্গানায় রাজনৈতিক তৎপরতা তীব্র। ক্ষমতাসীন বিআরএস ছাড়াও কংগ্রেস ও বিজেপি অন্য দুই বড় প্রতিদ্বন্দ্বী। রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, অমিত শাহদের আনাগোনা লেগেই আছে। এরই মধ্যে চলছে অন্য লড়াইয়ের প্রস্তুতি।
তেলেঙ্গানায় এমন একজন মুসলিম মহিলা নেত্রী রয়েছেন, যাঁর ফোকার বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচন। অল ইন্ডিয়া উইমেন এমপাওয়ারমেন্ট পার্টির প্রধান নওহেরা শেখ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। নওহেরা শেখ ২০২৪ সালে হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

ভোটাররা তাঁকেই ভোট দেবেন বলে আশাবাদী নওহেরা শেখ। প্রচারে তিনি পুরনো হায়দরাবাদকে সোনার হায়দরাবাদে রূপান্তরের প্রতিশ্রুতি দিচ্ছেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে নওহেরা শেখ বলেছেন, তিনি জয়ী হলে, নোংরা রাস্তা এবং ড্রেনে জমে থাকা জল পরিষ্কার করার দিকে মন দেবেন।
শহরের আয় বাড়ানোর দিকে তিনি নজর দেবেন বলে জানিয়েছেন নওহেরা শেখ। তিনি অভিযোগ করেছেন, পুরনো শহর হায়দরাবাদ উন্নত পরিকাঠামো থেকে বঞ্চিত। আসাদউদ্দিন ওয়েইসিকে নিশানা করে তিনি বলেছেন, বেশ কয়েকবার লোকসভা আসনে জয়ী হলেও, তিনি পুরনো শহরের উন্নয়নের জন্য কিছুই করেননি।
নওহেরা শেখ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নওহেরা শেখ তিরুপতির বাসিন্দা। তাঁর বাবা-মা সবজি বিক্রি করতেন। যে কারণে তিনি স্কুলের পড়া শেষ করতে পারেননি। ২০১০ সালে তিনি নিজের ব্যবসা শুরু করেন।












Click it and Unblock the Notifications