রাহুলের নিশানায় ফের প্রধানমন্ত্রী মোদী! ভারতের ধারণা ভাঙছেন, ভাঙছেন সম্পর্কও
রাহুলের নিশানায় ফের প্রধানমন্ত্রী মোদী! ভারতের ধারণা ভাঙছেন, ভাঙছেন সম্পর্কও
ফের প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) । এদিন তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের ধারণাটাকেই ভেঙে দিচ্ছেন। ভারতীয়দের মধ্যে সম্পর্ক ভেঙে দিচ্ছেন। যা পরবর্তী সময়ে দেশকে ছিন্নভিন্ন করে দেওয়ার মতোই।

মানুষের মধ্যের সম্পর্ক ভাঙছেন মোদী
রাহুল গান্ধী বলেছেন, যদি তিনি (প্রধানমন্ত্রী মোদী) দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ককে ভেঙে দেন, তাহলে তিনি ভারতের ধারণাকেই ছিন্নভিন্ন করছেন। সেই কারণেই তাঁর বিরোধিতা বলেছেন রাহুল।
কেরলের মালাপ্পুরমে একটি ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন ভারত একটা ভৌগলিক সীমারেখা নয়, এখানে যাঁরা বাস করেন, তাঁদের পরস্পরের মধ্যে সম্পর্কও রয়েছে। রাহুল বলেছেন, তারা ভারতকে এলাকা বলেই ভেবে থাকে। কিন্তু কংগ্রেস ভারত বলতে বোঝায় মানুষকে, তাঁদের সম্পর্ককে। সেটা হল হিন্দু ও মুসলমানের মধ্যে সম্পর্ক, হিন্দু-মুসলিম-শিখের মধ্যে সম্পর্ক, তামিল-হিন্দি-উর্দু-বাঙালিদের মধ্যে সম্পর্ক। রাহুল বলেন, তাঁর সমস্যা হল, প্রধানমন্ত্রী এই সম্পর্কগুলো ভেঙে দিচ্ছেন।

তাঁর কাজ সেতু তৈরি করা
রাহুল বলেন, প্রত্যেক সময় তিনি (প্রধানমন্ত্রী মোদী) দুই ভারতীয়ের মধ্যে সম্পর্ককে ভাঙতে ঘৃণাকে ব্যবহার করেন। তাঁর কাজ হল ভালবাসা দিয়ে তাঁদের মধ্যে সেতু তৈরি করা। এই কাজ শুধু তাঁর নয়, সবার বলেও মন্তব্য করেন রাহুল।
রাহুল বলেছেন, তিনি বিভিন্ন ঐতিহ্য, ধারণা, সংস্কৃতি না জানলে এই সেতু বন্ধনের কাজ করতে পারতেন না। সেই কারণে নম্রতা আর বোঝার ইচ্ছা নিয়ে প্রত্যেককেই বিভিন্ন রাজ্যে যেতে হবে। বিভিন্ন ধর্মীয় স্থানে যেতে হবে।

ভারতের ধারণাকেই আক্রমণ
রাহুল বলেছেন, যদি তিনি (প্রধানমন্ত্রী মোদী) ভারতীয়দের মধ্যেকার সম্পর্ককেই ভাঙেন, তাহলে তিনি ভারতের ধারণাকেই আক্রমণ করছেন। সেই কারণেই তিনি (রাহুল) তাঁর (প্রধানমন্ত্রী মোদী) বিরোধিতা করছেন। এক্ষেত্রে তার কর্তব্য আর প্রতিশ্রুতি হল দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা।

আগেও প্রধানমন্ত্রীকে আক্রমণ
এর আগেও প্রধানমন্ত্রীকে নিশানা করে আক্রমণ শানাতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। পরাধীন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন দেশে একচেটিয়া কারবার করত, দেশে আবার সেই জমানা ফিরিয়ে আনতে চাইছেন মোদী। রাহুলের অভিযোগ ছিল মিস্টার মোদী আসলে প্রধানমন্ত্রী নন, উনি একটি যন্ত্র, নিজের পছন্দের চার পাঁচজন পুঁজিপতিদের হয়েই কিছু নির্দিষ্ট কাজ করে চলেছেন তিনি। পেগাসাস ইস্যুতে তিনি প্রধানমন্ত্রী মোদীকে রাষ্ট্রদ্রোহী বলেও আক্রমণ করেছিলেন। করোনা পরিস্থিতির মোকাবিলা করা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছিলেন, করোনা একটি রোগ নয়, একটি পরিবর্তিত রোগ।












Click it and Unblock the Notifications