আরএসএস-এর নতুন ভবন নির্মাণ হয়ে গেল দিল্লির বুকে, ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘কেশব কুঞ্জ’
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নয়াদিল্লির ঝান্ডেওয়ালায় তাদের নতুন সদর দপ্তর 'কেশব কুঞ্জ' উদ্বোধন করেছে। পাঁচ লক্ষ বর্গফুট জায়গার উপর নির্মিত এই আধুনিক ভবনটি স্থায়ী স্থাপত্যশৈলী দিয়ে নির্মিত হয়েছে এবং পুরোপুরি জনসাধারণের অনুদানের মাধ্যমেই তৈরি হয়েছে এটি।
প্রায় ১৫০ কোটি ব্যয়ে নির্মিত কেশব কুঞ্জ আরএসএসের ক্রমবর্ধমান কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অত্যাধুনিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে তিনটি টাওয়ার- "সাধনা," "প্রেরণা," এবং "অর্চনা" রয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি অফিস কক্ষ, কনফারেন্স হল, এবং বড় অডিটোরিয়াম রয়েছে।

নতুন সদর দপ্তরের মূল কাঠামোটি চার একর জমির উপর বিস্তৃত। ভবনের জানালাগুলির নকশা রাজস্থান ও গুজরাটের ঐতিহ্যবাহী স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। কাঠের ব্যবহার কমানোর জন্য ১,০০০টি গ্রানাইট ফ্রেম ব্যবহার করা হয়েছে এই স্থাপত্য নির্মাণে।
এছাড়াও, কমপ্লেক্সে রয়েছে-
- গ্রন্থাগার - সংঘের গবেষণার জন্য কেশব পুস্তকালয় নামে এক বিশাল লাইব্রেরি রয়েছে
- হাসপাতাল - পাঁচ শয্যাবিশিষ্ট একটি চিকিৎসাকেন্দ্র রয়েছে
- অডিটোরিয়াম - তিনটি বৃহৎ অডিটোরিয়াম, যার সম্মিলিত আসন ক্ষমতা ১,৩০০ জনেরও বেশি। এর মধ্যে একটি ভিএইচপির প্রাক্তন সভাপতি অশোক সিংহলের নামে নামকরণ করা হয়েছে
- মন্দির ও খোলা স্থান - টাওয়ারগুলোর মাঝখানে হনুমান মন্দির এবং একটি প্রশস্ত সবুজ লন রয়েছে, যেখানে আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের একটি মূর্তি স্থাপন করা হয়েছে
যা জানা যাচ্ছে, নতুন সদর দপ্তরটি পুরোপুরি অনুদানের মাধ্যমে নির্মিত হয়েছে। প্রায় ৭৫,০০০ অনুদানদাতা এই প্রকল্পে ৫ টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করেছেন।
আরএসএস গত আট বছর ধরে নতুন সদর দপ্তরের নির্মাণ কাজ করছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সংঘের কর্মীরা ধীরে ধীরে নতুন ভবনে স্থানান্তরিত হতে শুরু করেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি, আরএসএস প্রধান মোহন ভাগবত এখানে 'কার্যকর্তা মিলন' আয়োজন করবেন। এর পর, ২১-২৩ মার্চ বেঙ্গালুরুতে সংঘের বার্ষিক 'অখিল ভারতীয় প্রতিনিধি সভা' অনুষ্ঠিত হবে, যেখানে সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এই নতুন সদর দপ্তর শুধু প্রশাসনিক কাজের কেন্দ্র নয়, এটি আরএসএসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications