উত্তরাখণ্ডের আলমোড়ায় স্কুলের পাশে ১৬১ জেলেটিন ছোঁড়া উদ্ধারে উত্তেজনা, তদন্তে পুলিশ
উত্তরাখণ্ডের আলমোড়ায় এক সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশের ঝোপঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী মোট ১৬১টি জেলেটিন স্টিক উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলের প্রধান শিক্ষকের কাছে শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই বিপজ্জনক উদ্ধার অভিযান শুরু হয়। খেলতে খেলতে শিশুরা প্রথমে সন্দেহজনক বস্তু লক্ষ্য করে, এরপরই খবর যায় পুলিশে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড। একটানা তল্লাশি চালিয়ে জেলেটিন স্টিকগুলো উদ্ধার করা হয়, পাশাপাশি সংগ্রহ করা হয় নমুনাও। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় বিস্ফোরক আইনের অধীনে মামলা রুজু করেছে পুলিশ।

আলমোড়ার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এছাড়াও গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন স্থানীয়দের। তিনি বলেন, "ডাবরা গ্রামে স্কুলের পাশের ঝোপে ১৬১টি জেলেটিন ছোঁড়া পাওয়া গেছে। পুলিশ ও বোম্ব ডিসপোজাল দল এলাকা ঘুরে তদন্ত করছে। প্রয়োজনীয় ধারায় এফআইআর নেওয়া হয়েছে। তদন্ত আরও এগোচ্ছে।"
তদন্তকারী দলের মতে, জেলেটিন স্টিক সাধারণত রাস্তা নির্মাণ বা পাথর ভাঙার কাজে ব্যবহৃত হয়। তা সত্ত্বেও এত বড় মাপের বিস্ফোরক মজুত করে স্কুলের পাশে রেখে যাওয়ার উদ্দেশ্য কী? এটাই এখন বড় প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, যারা খতিয়ে দেখছে বিস্ফোরকগুলোর উৎস ও এগুলো সেখানে রেখে যাওয়ার কারণ কী?
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে দেশে একাধিক বিস্ফোরণ ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। গত ১০ নভেম্বর ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার ও ডাক্তারদের গ্রেপ্তারের পরই দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে 'হোয়াইট কলার টেরর' নেটওয়ার্কের সন্ধান, যেখানে চিকিৎসক থেকে শিক্ষিত পেশাজীবী একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটে আলমোড়ায় স্কুলের পাশে বিপুল জেলেটিন উদ্ধারের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তা মহলে। তবে এই ঘটনার তদন্তে কী ওঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।












Click it and Unblock the Notifications