Rajasthan Election 2023: চরমে অশোক-সচিন কোন্দল, রাজস্থান কংগ্রেসের কপালে কী অপেক্ষা করছে?
রাজস্থানে নির্বাচনের প্রাক্কালে ফের একবার কংগ্রেসের দলীয় অন্তর্কলহ প্রকাশ্যে চলে এল। টিকিট বণ্টন নিয়ে অশোক গেলহট এবং সচিন পাইলট শিবিরের মধ্যে যে দ্বন্দ্ব তা আরও সুস্পষ্ট হয়ে গিয়েছে। রাজস্থানে কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী টিকিটের দাবিতে রাস্তায় নেমেছে। তাঁরা সকলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
রাজস্থানের বিভিন্ন এলাকায় কংগ্রেসের এক অংশের নেতারা বিক্ষোভ শুরু করেছেন। চতুর্থ প্রার্থী তালিকা কংগ্রেস ঘোষণার পর সেই বিক্ষোভ আরও বড় আকার নিচ্ছে। দলের নেতাদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ চলছে রাস্তায় রাস্তায়। এমনকী কিছু কংগ্রেস নেতা দল থেকেও পদত্যাগ করেছেন।

ঘটনা হল, বেশ কিছু বিধায়ককে কংগ্রেসের তরফে এ বছর টিকিট দেওয়া হয়নি। তার মধ্যে আবার দুজন বর্তমান সরকারের মন্ত্রীও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে টিকিট দেওয়া হয়নি। এই দুজন হলেন মহেশ জোশী এবং শান্তিলাল ধারিওয়াল।
অন্যদিকে সচিন পাইলট শিবিরের বিধায়করাও বেশ কয়েকজন টিকিট পাননি। ফলে সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে রাজস্থানে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশে চলে এসেছে। প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাজস্থানে কংগ্রেসের শীর্ষ দুই নেতা অশোক গেহলট এবং সচিন পাইলটের মধ্যে বিবাদ চরমে। সরকার পড়তে পড়তেও বেশ কয়েকবার বেঁচে গিয়েছে শীর্ষ নেতৃত্বে হস্তক্ষেপে।
রাজস্থানে গত পাঁচ বছরে কংগ্রেসের শাসন কখনই মসৃণ ছিল না। মূল বিবাদ শুরু হয় গত নির্বাচনের ফলাফলের পর থেকেই। সেই সময় কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ মনে করেছিলেন যে মুখ্যমন্ত্রীদের দায়িত্ব সচিন পাইলটের হাতে তুলে দেওয়া হবে। তবে তা না করে কংগ্রেস হাইকম্যান্ড অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে। তারপর থেকে গত পাঁচ বছরে বারবার অন্তর্কলহের সম্মুখীন হয়েছে রাজস্থান কংগ্রেস।
রাজস্থানে যদিও সচিন পাইলট এবং অশোক গেহলট একসঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসকে জেতানোর আশ্বাস দিয়েছেন, তবে গত কয়েক বছরের ট্র্যাক রেকর্ড অনুযায়ী কংগ্রেসের অন্তর্কলহই তাঁদের জেতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে। আগামী ৩০ তারিখ নির্বাচন এবং ফলাফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর। সেদিনই জানা যাবে রাজস্থানে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে।












Click it and Unblock the Notifications