চিনের সেতু নির্মাণ নিয়ে মোদীর বিরুদ্ধে 'টুইট তোপ' রাহুল গান্ধীর
মোদীর বিরুদ্ধে রাহুলের তোপ
সামান্য সুযোগ পেলেই মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়ে না কংগ্রেস। মঙ্গলবার টেলিপ্রম্টার নিয়ে কটাক্ষ করার পর বুধবার চিনের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তৈরি হওয়া ব্রিজ নিয়ে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। লাদাখের প্যাংগং হ্রদে একটি সেতু নির্মাণ নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করলেন তিনি।

রাহুলের টুইট
মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধী। প্যাংগং হ্রদে তৈরি হওয়া এই ব্রিজ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরব থাকা নিয়ে চলতি মাসের 4 তারিখে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার টুইটে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে প্যাংগং হ্রদের ধারে তৈরি হচ্ছে একটি ব্রিজ। ভারতের নিয়ন্ত্রণ রেখার ধারে এই জাতীয় ব্রিজ তৈরি হওয়ায় প্রধানমন্ত্রী নিশ্চুপ রয়েছেন। এই ব্রিজকে অবৈধ বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।

মোদীকে কটাক্ষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন, "চিন আমাদের দেশে অবৈধ সেতু নির্মাণ করছে। প্রধানমন্ত্রীর নীরবতার কারণে পিএলএ-এর মনোবল বাড়ছে। এখন আশঙ্কা হচ্ছে প্রধানমন্ত্রী এই সেতুটিও উদ্বোধন করতে পৌঁছে যাবেন।" পাশাপাশি তাঁর আশঙ্কা,প্যাংগং জুড়ে সেতু নির্মাণ চিনা বাহিনীকে হ্রদের দুইদিকে দ্রুত সৈন্যদের একত্রিত করতে সাহায্য করবে।

উপগ্রহ চিত্রের তথ্য
উপগ্রহ চিত্রে যে তথ্য সামনে এসেছে তাতে জানা গিয়েছে যে, প্যাংগংয়ের উত্তর তীরে একটি চীনা সেনা ঘাঁটির ঠিক দক্ষিণে অবস্থিত ব্রিজটি। এটি ৮ মিটার চওড়া। এইখানেই ২০২০ সালে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে অচলাবস্থার সময় চিনা ফিল্ড হাসপাতাল এবং সৈন্যদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

ভারত-চিন সংঘাত
প্রসঙ্গত, ডোকালাম সীমান্তে রাস্তা তৈরি হওয়ার সময় থেকেই পুনরায় চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপরে গত বছরেও লাদাখের প্যাংগং লেক এলাকায় বেশ কয়েক মিটার ভারতীয় ভূমিতে ধুকে পরে কব্জা বসানোর চেষ্টা করেছিল লাল ফৌজ। অনেক বৈঠক আর জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় 'ড্রাগন ফোর্স'। এর আগে একাধিকবার চিন অরুণাচল প্রদেশে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পরে। অরুণাচলে তারা এমন এলাকায় নির্মাণ তৈরি করেছে যেখানে ভারতীয় সেনাবাহিনী টহল দেয় না। আর চিনের লাগাতার এই বাড়বাড়ন্তের ফলে একাধিক বার হুঁশিয়ারি দিয়ে এসেছে নয়া দিল্লি। আর এবার সব সীমা অতিক্রম করে পুনরায় প্যাংগং-এর ঠিক গা ঘেঁষেই ব্রিজ নির্মাণ করছে শি-জিং পিং এর বাহিনী। আর এই ছবি সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পরার পরেই পুনরায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নয়া দিল্লির। আর সেইসঙ্গে এই নিয়ে দেশে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।












Click it and Unblock the Notifications