ফের পুলিশের হাতে পাকড়াও বাংলাদেশি, অবৈধভাবে বসবাসের জন্য মুম্বই থেকে গ্রেপ্তার ১৭ জন
ফের পুলিশের হাতে পাকড়াও অবৈধ বাংলাদেশি। তবে এবার দিল্লি থেকে নয়, বরঞ্চ বাণিজ্যনগরী থেকে ধরা পড়ল এই অবৈধ বাংলাদেশিরা। ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে মুম্বই পুলিশ ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যারা বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, শিবাজিনগর থানার একটি দল ২৪ মার্চ ফাঁদ পেতে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তাদের বিরুদ্ধে ভারতে প্রবেশের পাস না থাকার অভিযোগ রয়েছে। বিধিমালা ১৯৫০ এবং বিদেশী নাগরিক আইন ১৯৪৬-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

এর ঠিক পরের দিন, ২৫ মার্চ আরসিএফ পুলিশ আরও ৯ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন মহিলা রয়েছেন। জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া গেছে, তারাও বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের অবস্থান ও কার্যকলাপ সম্পর্কিত আরও তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি দেশে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছে। বিশেষ করে, কোনো ব্যক্তি অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব বিষয়ক নথি তৈরিতে সাহায্য করলে, তাদেরও শনাক্ত করে আইনি ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, কিছু বাংলাদেশি নাগরিক ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যাওয়ার উদ্দেশ্যে জাল নথি তৈরি করে ভারতে প্রবেশ করেন, তবে অনেকে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। তাই তাঁদের দিকে নজর রাখছে প্রশাসন।
তদন্তকারীদের নির্দেশে বলা হয়েছে -
১) অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব সংক্রান্ত নথি তৈরিতে সাহায্যকারী ব্যক্তিদের চিহ্নিত করা
২) নথি জালিয়াতির ফাঁকফোকর চিহ্নিত করা
৩) সব সন্দেহজনক আধার কার্ড পুনঃযাচাই করা
আধার কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো সন্দেহজনক নথি ব্যবহার করে কেউ আধার কার্ড তৈরি বা পরিবর্তনের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।
যাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে, তাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে এবং প্রোটোকল অনুসারে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য FRRO (বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস) কে অবহিত করা হবে। একই সাথে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।












Click it and Unblock the Notifications