Narendra Modi: মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি ভাঙায় বিচলিত মোদী, মাথা নত করে ক্ষমা প্রার্থনা
Narendra Modi: মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি আচমকাই ভেঙে পড়েছিল। এই মূর্তিটি গত বছর ৪ ডিসেম্বর উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ক্ষমাও চাইলেন। মূর্তি ভাঙার ঘটনায় মহারাষ্ট্র সরকারকে সমালোচনায় বিঁধছে বিরোধীরা। এই অবস্থায় মোদীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

পালঘরে এক অনুষ্ঠানে মোদী বলেন, আমাদের কাছে ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একটি নাম নয়। তিনি আমাদের আইডল। সিন্ধুদুর্গে যা হয়েছে তাতে আমি মাথা নত করে আমার প্রিয় দেবতা ছত্রপতি শিবাজী মহারাজের কাছে ক্ষমা চাইছি। আমাদের কাছে, ভগবানের চেয়ে বড় কিছু হতে পারে না।
রাজকোট ফোর্টে ৩৫ ফুট উচ্চতার মূর্তিটি ভেঙে পড়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে বলেছিলেন, ঝোড়া হাওয়াতেই বিপত্তি ঘটেছে। গতকাল তিনি বলেন, এই ঘটনার জন্য প্রয়োজন হলে ছত্রপতি শিবাজী মহারাজের পা ছুঁয়ে ১০০ বার ক্ষমা চাইতে আমি প্রস্তুত।
যদিও বিরোধীরা নিশানা করছে শিণ্ডে সরকারকে। শিব সেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে অভিযোগ করেছেন, আমাদের ভগবানের মূর্তি নিয়েও বিজেপির দুর্নীতি চলছে, এটা ভাবাই যায় না। বিজেপি বিষয়টির দায় ভারতীয় নৌ বাহিনীর উপর ঠেলছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির।
মহারাষ্ট্রের পূর্ত দফতরের মন্ত্রী রবীন্দ্র চ্যবন ওই মূর্তি তৈরি ও প্রতিষ্ঠার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মন্ত্রী স্বীকার করেছেন, যে স্টিল ব্যবহার করা হয়েছিল মূর্তি তৈরিতে, তাতে মরচে ধরতে শুরু করেছিল। এই মর্মে ভারতীয় নৌ বাহিনীকেও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। মূর্তিটি মেরামত করে ফের প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে নেভি।












Click it and Unblock the Notifications