Vande Bharat: বন্দে ভারতের শৌচালয়ে ঢোকায় গচ্চা গেল ৬ হাজার টাকা! ট্রেনের খামতি নিয়ে সরব যাত্রী
Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে এবার আরেক বিতর্ক। এই ট্রেনের শৌচালয়ে প্রস্রাব করতে গিয়ে এক যাত্রীর গচ্চা গেল ৬ হাজার টাকা! পরিবারকে কয়েক ঘণ্টা কাটাতে হলো উৎকণ্ঠার মধ্যে।
ঘটনা ভোপালের। ওই যাত্রী অভিযোগ করছেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আপদকালীন ব্যবস্থার খামতি থাকাতেই তিনি ও তাঁর পরিবার মানসিকভাবে নির্যাতিত হয়েছেন।

আবদুল কাদির স্ত্রী ও ৮ বছরের পুত্রসন্তানকে নিয়ে হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে যাচ্ছিলেন। দুই জায়গাতেই তাঁর ড্রাই ফ্রুটসের ব্যবসা রয়েছে। ভোপালে নেমে সিঙ্গরৌলির ট্রেন ধরার অপেক্ষা করছিলেন। ১৫ জুলাই ভোর ৫টা ২০ মিনিটে তাঁরা নেমেছিলেন ভোপালে। সকাল ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ এক্সপ্রেসে সিঙ্গরৌলি যাওয়ার কথা ছিল।
এরই মধ্যে প্রস্রাবের বেগ অনুভব করেন আবদুল। ইন্দোরগামী বন্দে ভারত এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেখে আবদুল তাতে উঠে পড়েন শৌচালয়ে যাওয়ার জন্য। কিন্তু শৌচালয় থেকে বেরিয়ে দেখেন ট্রেনের দরজা, ট্রেন চলতে শুরু করেছে। এমনি ট্রেনে চেন টেনে নেমে যাওয়া গেলেও বন্দে ভারতে সেই সুবিধা নেই।
আবদুল ট্রেনের টিকিট পরীক্ষক ও চার পুলিশকর্মীর কাছে সাহায্য চান। কিন্তু তাঁরা বলেন, দরজা খুলতে পারবেন একমাত্র চালক। মরিয়া হয়ে আবদুল ট্রেন চালকের কাছে যেতে গেলে তাঁকে থামিয়ে দেওয়া হয়। বৈধ টিকিট ছাড়া ট্রেনে ওঠায় তাঁর ১০২০ টাকা জরিমানা ধার্য হয়। ট্রেন উজ্জ্বয়িনীতে থামলে আবদুল সেখানে নামেন। সাড়ে সাতশো টাকার টিকিট কেটে বাসে ফেরেন ভোপালে।

ততক্ষণে আবদুলের স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে কী করবেন বুঝে উঠতে পারেননি। সিঙ্গরৌলি যাওয়ার যে ট্রেন, সেটিও আর ধরেননি। এই ট্রেনে তিন জনের যে টিকিট কাটা ছিল তার দাম ৪ হাজার টাকা! সেটিও জলে যায়। সবমিলিয়ে বন্দে ভারতের শৌচালয়ে ঢোকায় ৬ হাজার টাকা রাতারাতি গচ্চা যায় ওই ব্যবসায়ীর। স্বাভাবিকভাবেই ওই কয়েক ঘণ্টা স্মরণীয় হয়ে থাকল আবদুলের জীবনে।
ট্রেনে আপদকালীন ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থায় পড়তে হলো বলে জানান আবদুল। যদিও ভোপাল রেলওয়ে ডিভিশনের পিআরও সুবেদার সিং জানান, বন্দে ভারত ট্রেনে দরজা বন্ধ করার আগে বা কোন দিকে দরজা খুলবে সেই সংক্রান্ত ঘোষণা করা হয়। দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সবরকম নিরাপত্তার বন্দোবস্ত থাকে। একমাত্র উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ এলেই ট্রেনটি থামানো হয়।












Click it and Unblock the Notifications