সবজি কিনতে গিয়ে বিপত্তি, মাথায় বন্দুক ঠেকিয়ে ইঞ্জিনিয়ারের গাড়ি নিয়ে পালালো দুষ্কৃতীরা
সবজি কিনতে গিয়ে বিপত্তি, মাথায় বন্দুক ঠেকিয়ে ইঞ্জিনিয়ারের গাড়ি নিয়ে পালালো দুষ্কৃতীরা
পরিবারের সঙ্গে শপিং করতে গিয়ে বিপদে পড়তে হল ইঞ্জিনিয়ারকে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে রবিবার সন্ধ্যায় গাড়িতে করে শপিং করতে বেরিয়েছিলেন, সেই সময় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুক রাখে এবং তাঁর গাড়ি নিয়ে চম্পট দেয়।

পুলিশ জানিয়েছে, ২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এক ইঞ্জিনিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। এই ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা নাগাদ, সেই সময় গ্রেটার নয়ডার (পশ্চিম) বাসিন্দা, যিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত, তিনি তাঁর পরিবারকে নিয়ে সবজি কিনতে বেরিয়েছিলেন কাছেই সুরজপুর এলাকার মিগসুন রাউন্ডঅ্যাবাউটে। সেন্ট্রাল নয়ডার ডিসিপি হরিশ চন্দর জানিয়েছেন যে এই ঘটনায় পুলিশ তদন্তকারী দল গঠন করে তদন্ত করছে। চন্দর বলেন, 'আক্রান্তের থেকে পুলিশ অভিযোগ নিয়েছে এবং এইআইআর দায়ের করার পদ্ধতি চলছে। কতজন ব্যক্তি এই ঘটনায় যুক্ত ছিল তা এখনও স্পষ্ট নয় তবে দু’জন ব্যক্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়।’
জানা গিয়েছে, নিশান্ত নামের ওই ইঞ্জিনিয়ার ওম্যাক্সি গ্রিন পাম সোসাইটিতে থাকেন, তিনি রবিবার তাঁর মারুতি ব্রিজাতে করে সবজি কিনে ফেরার পথে দুষ্কৃতীদের খপ্পরে পড়েন এবং তারা তাঁর গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে যে নিশান্ত তাঁর গাড়ির চাবি ভেতরেই রেখে দিয়েছিল এবং তাঁর পরিবারের দাবি নিশান্তের মাথায় দুষ্কৃতীরা বন্দুক ঠেকিয়ে তাঁর থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। নিশান্তের স্ত্রী ও সন্তান গাড়ির ভেতরই বসে ছিলেন সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায়। তারা জোর করে তাঁদের সকলকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।












Click it and Unblock the Notifications