দিল্লিতে গোষ্ঠী সংক্রমণের দিকে যাচ্ছে ওমিক্রন, সতর্ক করলেন সত্যেন্দ্র জৈন
দিল্লিতে গোষ্ঠী সংক্রমণের দিকে ওমিক্রন!
গোটা দেশে এরই মধ্যে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। গোটা দশের পাশাপাশি রাজধানী দিল্লিতে লাগাতার বৃদ্ধি পাচ্ছে ওমিক্রনের থাবা। ইতিমধ্যেই দিল্লিতে ওমিক্রনের লাগাতার বাড়বাড়ন্তের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। সম্পূর্ণ লকডাউন ঘোষণা না হলেও ফের বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ গুলি। আর এরই মাঝখানে দিল্লির মন্ত্রীর মন্তব্য চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক মহলে।

দিল্লিতে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ
বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, "দিল্লির এমন অনেক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, যাঁদের সম্প্রতি কোনও ভ্রমণের ইতিহাস নেই। তাই বলা যায়, ধীরে ধীরে ওমিক্রন রাজধানীতে গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে।" সত্যেন্দ্র জৈন আরও উল্লেখ করেছেন যে সাম্প্রতিক জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট অনুসারে দিল্লিতে মোট করোনা আক্রান্তের ৪৬ শতাংশই ওমিক্রন কেস।

রাজধানীতে হলুদ সতর্কতা
ইতিমধ্যে করোনা এবং বিশেষত ওমিক্রন সংক্রমণ রুখতে দিল্লিতে 'হলুদ সতর্কতা' জারির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শহরের কোভিড পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পর পর কয়েকদিন ধরেই দিল্লিতে কোভিড সংক্রমণ হার ০.৫ শতাংশের উপর রয়েছে। আর তার পরেই বাড়তি সতর্কতা জারির পথে হাঁটছে দিল্লির 'আপ' সরকার। 'হলুদ সতর্কতা' জারি অবস্থায় কার্যকর থাকবে নাইট কার্ফু, স্কুল-কলেজ বন্ধ থাকবে। একদিন পর পর অত্যাবশ্যকীয় পণ্য নয়, এমন জিনিসের দোকান খুলবে। মেট্রো, ট্রেন, বাস প্রভৃতি গণ পরিবহনে যাত্রী সংখ্যা কমাতে হবে।

দিল্লিতে সংক্রমণের হার
সামগ্রিক ভাবে গোটা দেশের পাশাপাশি দিল্লিতেও উদ্বেগজনক হারে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১১৫টি নমুনার মধ্যে ৪৬টিতে ওমিক্রন রূপের দেখা মিলেছে। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৬৩। মহারাষ্ট্রের পরেই তালিকায় রয়েছে রাজধানী দিল্লির নাম। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে ২৬৩ এবং মহারাষ্ট্রে ২৫২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গত দিনের হিসেবে রাজধানীতে পজিটিভিটি রেট থেকেছে ০.৮৯ শতাংশ। দিল্লির সার্কবি করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সে রাজ্যের সরকার।
প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত ১৩,১৫৪। একইসঙ্গে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২,৪০২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮০,৮৬০। প্রায় দু'মাস পর ফের ১৩ হাজারের ঘরে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ।












Click it and Unblock the Notifications