কর্মীর ইস্তফা মানতেই হবে! জোর করে চাকরিতে রাখা যাবে না, পদত্যাগ নিয়ে স্পষ্ট নির্দেশ দিল হাইকোর্ট
কোনও কর্মী যদি নির্দিষ্ট নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দেয় তাহলে তা অকারণে আটকে রাখা যাবে না, ঠিক এরকমই স্পষ্ট বার্তা দিল কেরালা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুসারে, ইস্তফা গ্রহণ না করে কোনও কর্মীকে জোর করে কাজে ধরে রাখা হলে তা 'বন্ডেড লেবার (Bonded Labour)' আইনের সামিল, যা ভারতীয় সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদে নিষিদ্ধ রয়েছে।

বিচারপতি এন নাগরেশ (N Nagaresh) জানান যে, চুক্তির শর্ত যদি ভঙ্গ না হয় তাহলে নিয়োগকর্তার দায়িত্ব ইস্তফা মেনে নেওয়া। তবে কিছু বিশেষ ক্ষেত্রে পদত্যাগ আটকে রাখা যেতে পারে, যেমন নোটিস পিরিয়ড যদি বাকি থাকে, হঠাৎ আবেগের বশে দেওয়া ইস্তফা হলে, গুরুতর শৃঙ্খলাভঙ্গের মামলা চললে অথবা সংস্থার আর্থিক ক্ষতির প্রশ্ন থাকলে।
কিন্তু এই মামলায় এরকম কোনও পরিস্থিতিই ছিল না বলেই আদালতের মত। এই মামলার আবেদনকারী গ্রিভাস জব পানাক্কাল (Greevas Job Panakkal), যিনি রাজ্য সরকারি সংস্থা ট্র্যাকো কেবল কোম্পানি লিমিটেড (Traco Cable Company Limited)-এর কোম্পানি সেক্রেটারি ছিলেন। তাঁর অভিযোগ ছিল যে, ২০২২ সালের অক্টোবর মাস থেকে তিনি নিয়মিত মাসিক বেতন পাচ্ছিলেন না। অসুস্থ মায়ের চিকিৎসা চালানোও তাঁর পক্ষে একেবারে কঠিন হয়ে পড়েছিল। সেই কারণে ২০২৪ সালের মার্চে তিনি ইস্তফা দেন। কিন্তু সংস্থা তা নাকচ করে জানিয়ে দেয় যে, আর্থিক সঙ্কটের সময়ে তাঁর পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁকে বারবার কাজে যোগদানের নির্দেশ দেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিতে থাকে। এর বিরুদ্ধে আদালতে যান পানাক্কাল। শুনানিতে আদালত জানিয়ে দেয় যে, যেহেতু কোম্পানি সেক্রেটারির নিয়োগ কোম্পানিজ আইন (Companies Act) ২০১৩ অনুযায়ী রেজিস্ট্রার অফ কোম্পানিজে নথিভুক্ত থাকে, তাই প্রয়োজনীয় ফর্ম যদি জমা না দেওয়া হয় তাহলে তিনি অন্য কোথাও নতুন চাকরিও নিতে পারবেন না। আদালত উল্লেখ করেছে যে, এটি আবেদনকারীকে অন্য চাকরি পেতে কার্যকরভাবে বাধা সৃষ্টি করবে।
শেষ পর্যন্ত আদালত, সংস্থার জারি করা মেমো এবং শৃঙ্খলাভঙ্গের নোটিস খারিজ করে দেয়। ঠিক দুই মাসের মধ্যে ইস্তফা গ্রহণ করে তাঁকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বকেয়া বেতন, ছুটির প্রাপ্য অর্থ এবং অন্যান্য পাওনাও সংস্থার আর্থিক অবস্থার ভিত্তিতে তাড়াতাড়ি মিটিয়ে দিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications