ভয় ধরাচ্ছে কোভিডের থেকে কয়েকগুণ বেশি নিপার মৃত্যু হার! সতর্ক করল আইসিএমআর
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান ড. রাজীব বহাল বলেছেন, নিপা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিডে আক্রান্তদের তুলনায় অনেকটাই বেশি। তিনি আরও বলেছেন, কোভিডের ২-৩ শতাংশের তুলনায় নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে।
বুধবার কেরলের কোঝিকোডে নিপা ভাইরাসের নতুন একটি কেস চিহ্নিত হয়েছে। যা নিয়ে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ছয়ে পৌঁছেছে। কেরলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যে ভারত সরকার অস্ট্রেলিয়াকে নিপা ভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য মনোক্লোনাল অ্যান্টিবডির আরও ২০ ডোজ সরবরাহের অনুরোধ জানিয়েছে।

দক্ষিণের রাজ্যে বারে বারে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব এবং কোভিডের তুলনায় বেশি মৃত্যুর হারের কারণে এই ভাইরাল রোগের বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করেছে। আইসিএমআর প্রধান প্রধান ড. রাজীব বহাল জানিয়েছেন, ভারতের বাইরে নিপা ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
তিনি আরও জানিয়েছেন, ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র ফেজ ১ ট্রায়াল বাইরে করা হয়েছে। কিন্তু কার্যকারিতার ট্রায়াল করা হয়নি।
কোঝিকোডে নিপা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের প্রেক্ষিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একসপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, নিপা ভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসাদের সংখ্যা বেড়ে হয়েছে ১০৮০। সেই তালিকায় স্বাস্থ্যকর্মীদের সংখ্যাটা প্রায় ৩২৭ জন।












Click it and Unblock the Notifications