মমতার দিল্লি সফরে মোদীর সঙ্গে দেখা হবে এক মঞ্চে, সলতেও পাকাবেন বিরোধী ঐক্যের
মমতার দিল্লি সফর কি বিরোধী ঐক্যের সলতে পাকাতে, হাজির হবেন মোদীর সঙ্গে এক মঞ্চেও
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন এ মাসেই। ২০২৪-এর আগে যখন বিরোধী ঐক্য গড়ে তোলা নিয়ে নানা সমীকরণ সামনে আসছে, তখন তাঁর দিল্লি সফর তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ শুরুর সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর মঞ্চ শেয়ার নিয়েও জোর চর্চা চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ এপ্রিল দিল্লি সফরে যেতে পারেন। পরদিন ৩০ এপ্রিল তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। সেই অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্য সূত্রে খবর, ৩০ এপ্রিল দিল্লিতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়াল অনু্ষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানেই মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে, দিল্লিতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ালে যোগ দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই কনক্লেভে উপস্থিত থাকবেন। এই কনক্লেভের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৬ সালে শেষবার চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়াল কনক্লেভ অনুষিঠিত হয়ছিল। ৬ বছর পর ফের তার হতে চলেছে। সে কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন এ মাসেই। তিনি ২৯ এপ্রিল পৌঁছে যাবেন দিল্লি। তারপর দিন তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একই মঞ্চ শেয়ার করবেন।
গত এক মাস ধরে রাজ্যে একাধিক ঘটনায় কলকাতা হাইকোর্ট তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে। অনেক ক্ষেত্রেই তা গিয়েছে রাজ্যের বিরুদ্ধে। কোন কোনও রায় নিয়ে তো আবার বিচারপতি সটান অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টে। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানার কাছে নালিশও করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে এবারের কনক্লেভ বিশেষ গুরুত্বপূর্ণ।
আর বিরোধী ঐক্যের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন দিল্লি যাচ্ছেন, তখন জোট নিয়ে কোন বৈঠক হয় কি না বা নতুন কোনও জোট সমীকরণ তৈরি হয় কি না, তা দেখার। তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর নিয়মিত কথা চালাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। কংগ্রেসকে তিনি বিরোধী ঐক্যের প্রধান দল হিসেবে বিবেচনা করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একাধিক কৌশলী প্রস্তাব দিয়েছেন। কংগ্রেস তা বিবেচনা করছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অন্য মাত্রা এনে দিতে পারে বলে রাজনৈতিক মহলের বিশ্বাস।












Click it and Unblock the Notifications