Mamata Banerjee: লোকসভায় ৪০টি আসনও জিতবে কংগ্রেস? রাহুল গান্ধীদের লড়াই নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা
ফের কংগ্রেসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি সরাসরি নিশানা করেছেন কংগ্রেসকে। দাবি করেছেন কংগ্রেস এবার লোকসভা ভোটে ৪০টি আসনও পাবে না। তারপরেও এতো ঔদ্ধত্য দেখাচ্ছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য বাংলায় একক লড়াইয়ের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই অসম থেকে রাজ্যে প্রবেশ করে রাহুলের পদযাত্রা। তাতে সামিল হয়েছিলেন অধীর চৌধুরীও। জলপাইগুড়িতে রাহুলের ভারত জোড়ো যাত্রা প্রবেশ করার আগেরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁরা একক ভাবে লড়াই করবেন বাংলায়। এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যে বাংলায় আসছে সেবিষয়ে কোনও তথ্য তাঁকে দেওয়া হয়নি। সেকারণে তৃণমূল কংগ্রেস এই যাত্রায় সামিল হবে না।

এদিকে অসমে রাহুলদের যাত্রায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকা। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই তড়িঘড়ি দিল্লি উড়ে যান রাহুল গান্ধী। তারপরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লি থেকে ফিরে এসে শিলিগুড়িতে পদযাত্রা করেন রাহুল গান্ধী। সেই পদযাত্রায় সামিল হয়েছিল অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি। শিলিগুড়ির রাস্তায় রীতিমতো জনজোয়ার দেখা গিয়েছিল।
তারপরের দিনই মহাজোটে আরও বড় ধাক্কা দেন নীতীশ কুমার। তিিন আরজেডির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে জোট গড়ার কথা ঘোষণা করেন এবং রাহুলে ভারত জোড়ো যাত্রা বিহারে প্রবেশ করার আগের দিনই বিহারের বিজেপি-জেডিইউ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তারপরেই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন নীতীশ কুমার। তিনি অভিযোগ করেছে কোনওভাবেই ইন্ডিয়া জোট কাজ করবে না লোকসভা ভোটে। এক কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন ইন্ডিয়া জোটের কোনও ভবিষ্যত নেই।
এবার সেই একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনিও এক কথায় কংগ্রেসের আসন সংখ্যা পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন লোকসভা ভোটে ৩০০ আসনের মধ্যে ৪০ আসনও কংগ্রেস পাবে কিনা সন্দেহ। তারপরেও এতো ঔদ্ধত্য দেখাচ্ছে তারা। ইন্ডিয়া জোটের অংশ হয়েও ভারত জোড়ো ন্যায় যাত্রা যে বাংলায় প্রবেশ করছে তা জানানোর প্রয়োজন মনে করেনি কংগ্রেস। প্রশাসনের কাছ থেকে তিনি জানতে পারেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় ঢুকছে। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তীব্র নিশানা করে বলেছেন, যদি দম থাকে তাহলে বারাণসী জিতে দেখাক কংগ্রেস। রাজস্থান, উত্তর প্রদেশ সব কিছুই হাতছাড়া হয়েছে। দম থাকলে বারাণসী এবং এলাহাবাদ জিতে দেখাক কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য মালদহে ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধীর গাড়িতে হামলা চালানো হয়েছে।












Click it and Unblock the Notifications