কংগ্রেসের দিকে গরিবরা, ধনীরা বিজেপির সমর্থক! কর্নাটকের জনমত সমীক্ষা একনজরে
কর্নাটক নির্বাচনে এবার গরিব শ্রেণির মানুষের পূর্ণ সমর্থন পেতে চলেছে কংগ্রেস। কিন্তু ধনীরা বেশিরভাগই বিজেপিক দিকে। তেমনই লিঙ্গায়েত ও ভোক্কালিগা এবং মুসলিমদের নিয়েও ভাগাভাগি বিস্তর। এই অবস্থায় কর্নাটক নির্বাচনের ফল কার দিকে যাবে, তা নিয়ে শুরু হয়েছে অঙ্ক কষা।
আসন্ন বিধানসভা নির্বাচনে কার দিকে থাকবে কোন সম্প্রদায় বা কোন শ্রেণির মানুষ তা নিয়ে নির্বাচনের মুখে সমীক্ষা করে একটা স্পষ্ট আভাস দেওয়ার চেষ্টা করেছে এনডিটিভির জনমত সমীক্ষা। এই সমীক্ষায় যেমন উঠে এসেছে, গরিব-ধনীদের মনের কথা, তেমনই স্পষ্ট করার চেষ্টা হয়েছে ভোক্কালিগা ও লিঙ্গায়েতদের অবস্থান।

এই সমীক্ষায় দেখা গিয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ দরিদ্র শ্রেণির মানুষেরা অর্ধেক কংগ্রেসকে সমর্থন করছে। বাকি অর্ধেকের মধ্যে মাত্র ২৩ শতাংশ বিজেপি দিকে রয়েছে। বাকিরা জেডিএস-সহ অন্যান্য দলকে সমর্থন করছে বলে প্রকাশ পেয়েছে এনডিটিভির জনমত সমীক্ষায়।
আর কর্নাটকের সচ্ছল অংশের মধ্যে সবথেকে জনপ্রিয় শাসক দল বিজেপি। বিজেপির দিকে রয়েছে ৪৬ শতাংশ ধনীদের সমর্থন। আর ধনীদের মধ্যে মাত্র ৩১ শতাংশ কংগ্রেসকে সমর্থন করে। বাকি ২৩ শতাংশের সমর্থন জেডিএস এবং অন্যান্যরা ভাগ করে নিচ্ছে এনডিটিভি লোকনীতি ও সিএসডিএস জনমত সমীক্ষা অনুযায়ী।

আর এখানে উল্লেখ্য, কর্নাটকের দুটি প্রভাবশালী সম্প্রদায় হল ভোক্কালিগাস ও লিঙ্গায়েত। এনডিটিভির লোকনীতি-সিএসডিএসের সমীক্ষায় দেখা গিয়েছে, ভোক্কালিগারা প্রধানত কংগ্রেস এবং এইচডি কুমারস্বামীর জেডিএসের মধ্যে বিভক্ত। আর লিঙ্গায়েতরা বেশিরভাগই বিজেপির দিকে।
কর্নাটকে বিজেপির প্রধানশক্তি হল লিঙ্গায়েত। লিঙ্গায়েতদের ৬৭ শতাংশের ভোট বিজেপির দিকে। বাকি ভোট ভাগ করে নিয়েছেন কংগ্রেস, জেডিএস-সহ অন্যান্যরা। তেমনই মুসলিম ভোটের সংখ্যাগরিষ্ঠ ৫৯ শতাংশ আবার কংগ্রেসের দিকে। বাকি ভোট ভাগ করে নেবে জেডিএস-সহ অন্যান্যরা।

ভোক্কালিগাসদের মধ্যে ৩৪ শতাংশের সমর্থন কংগ্রেসের দিকে। আর ৩৬ শতাংশের সমর্থন জেডিএসের পক্ষে বলে জানিয়েছে সমীক্ষা। ভোক্কালিগাদের একটি প্রান্তিক অংশ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ভোক্কালিগা দুর্গে ঢোকার পাশাপাশি লিঙ্গায়েত সমর্থন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে।
আবার বিজেপি সরকার মুসলমানদের জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির চার শতাংশ সংরক্ষণ বাতিল করে ওই দুই সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দিয়েছে। তারা চাইছে লিঙ্গায়েতদের হাতে রেখে ভোক্কালিগাদের সমর্থন। কিন্তু গরিব শ্রেণি, ভোক্কালিগা ও মুসলিম শ্রেণিদের সমর্থনে কংগ্রেসের পাল্লা ভারী। লিঙ্গায়েতরা এখনও বিজেপির দিকেই। তাই কাঁটে কা টক্কর হবে কর্নাটকে।












Click it and Unblock the Notifications