J&K Elections: জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের আসন রফা চূড়ান্ত, কারা কতগুলি আসনে লড়বে?
Jammu And Kashmir: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের আসন রফা চূড়ান্ত হয়ে গেল। মোট ৯০টি বিধানসভা আসন রয়েছে জম্মু ও কাশ্মীরে।
তার মধ্যে কংগ্রেস লড়বে ৩১টি আসনে। ন্যাশনাল কনফারেন্স প্রার্থী দেবে ৫১টি আসনে। আজ দুই দলের সিনিয়র নেতারা এ কথা জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কারা জানিয়েছেন, পাঁচটি আসনে বন্ধুত্বপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ লড়াইয়ের বিষয়েও দুই দল সহমত হয়েছে। জানা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের সঙ্গে একই জোটে থাকছে সিপিআইএম ও প্যান্থার্স পার্টি। তাদের ১টি করে আসন ছাড়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরে তিন দফায় হবে ভোটগ্রহণ। সেপ্টেম্বরের ১৮, ২৫ ও অক্টোবরের ১ তারিখ। ভোটের ফল বেরোবে ৪ অক্টোবর। মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা যে শক্তি করছে তাদের বিরুদ্ধে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের লড়াই বলে জানিয়েছেম জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।
আবদুল্লাহর কথায়, সাম্প্রদায়িকতা, বিভাজন ও দেশকে টুকরো টুকরো করে দেওয়ার রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। এবার জম্মু ও কাশ্মীরে তাদের জোটেরই সরকার গঠিত হবে বলে আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তাঁর কথায়, আমরা একসঙ্গে লড়াই চালাব। বিজেপি যেখানে জম্মু ও কাশ্মীরের ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের চাহিদাকে ধ্বংস করতে চায়, সেখানে আমরা জনগণ-বান্ধব সরকার গড়ব। সেই লক্ষ্যে আলোচনাও চলছে।












Click it and Unblock the Notifications