জাস্টিস ভার্মার মামলায় শুরু তদন্ত প্রক্রিয়া, প্রাথমিক জিজ্ঞাসাবাদ সারলেন প্যানেলের তিন বিচারপতি
বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে নগদ অর্থ উদ্ধারের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্টের গঠিত তিন সদস্যের অভ্যন্তরীণ প্যানেল নতুন পদক্ষেপ নিচ্ছে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, তদন্ত দল শীঘ্রই দিল্লি ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং বিচারপতি ভার্মার কল রেকর্ড পরীক্ষা করবে।
মঙ্গলবার বিকেলে, প্যানেলের তিন সদস্য বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে পৌঁছায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বিচারপতির ব্যাখ্যা চাইবে এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে তার ফোনের কল রেকর্ড পরীক্ষা করবে।

ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন-
- পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু,
- হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং
- কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমন।
এই কমিটি দিল্লিতে শীঘ্রই তাদের আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। সোমবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, "২০ ও ২৪ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত কলেজিয়ামের সভায় বিচারপতি যশবন্ত ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করার সুপারিশ করা হয়েছে"।
এই মাসের শুরুতে, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। ১৪ মার্চ বাংলোর একটি স্টোররুমে আগুন লাগে, যেখানে পরে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্টোররুমটিতে কেবলমাত্র বাংলোর বাসিন্দাদেরই প্রবেশের অধিকার ছিল।
এই ঘটনার পর দিল্লি হাইকোর্ট বিচারপতি ভার্মার তত্ত্বাবধানে থাকা যাবতীয় বিচার বিভাগীয় কাজ প্রত্যাহার করে নেয়। তার দায়িত্ব বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের কাঁধে ভাগ করে দেওয়া হয়েছে।
তবে বিচারপতি ভার্মা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, "সংবাদমাধ্যমে আমাকে অভিযুক্ত করছে এবং আমার মানহানি করছে"। সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ তদন্ত শেষ হলে এই মামলার ভবিষ্যৎ সিদ্ধান্ত সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications