চিনকে পাল্টা জবাব ভারতের, সীমান্তে বাড়ল সেনার উপস্থিতি! আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি
গত কয়েকদিনে চিনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের চারটি বিভিন্ন স্থানে সামনাসামনি যুদ্ধের মতো পরিস্থিতি তৈর হয় ভারতীয় সেনার। এরপরই শুক্রবার লাদাখ সীমান্তে পৌঁছালেন সেনা প্রধান এমএম নারভানে। লাদাখের ১৪ কোর সেনা রেজিমেন্টের হেডকোয়ার্টার পরিদর্শন করতে যান সেনা প্রধান জেনারেল নারভানে।

গলওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিনা সেনা
এরই মধ্যে সেনা তরফে জানানো হয় যে বিতর্কিত গলওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এ ছাড়া ডেমচকের কাছাকাছি অঞ্চলেও সেনা সমাবেশ বাড়িয়েছে বেজিং। চিনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লিও।

সেনা বাড়াল ভারতও
জানা গিয়েছে সীমান্তে ৫০০০-এর বেশি সেনা মোতায়েন করেছে চিন। এরই পাল্টা হিসাবে ভারতও সেনা বাড়িয়েছে চিন সীমান্তে। প্রসঙ্গত মে মাসের প্রথম দিকে চিন এলাকার গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনার বিরুদ্ধে অবৈধ নির্মাণ কাজের অভিযোগ এনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল বেজিং। দিল্লিকে কার্যত হুঁশিয়ারিও দেয় জিনপিং প্রশাসন। অথচ, বাস্তবে চিনই সিকিম সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে।

উত্তর সিকিমে ভারত-চিন সেনা সংঘর্ষ
৯ মে উত্তর সিকিমে ফের ভারত-চিন সেনা সংঘর্ষ হয়। সিকিমের নাথু-লা সেক্টরে টহলদারি চালানোর সময় ভারতীয় ভূখণ্ডের মধ্যে অনু্প্রবেশ করে চিনের সেনা। বিষয়টি দেখতে পেয়ে তীব্র প্রতিবাদ জানান কর্তব্যরত ভারতীয় সেনা জওয়ানরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এর ফলে চিনের সাতজন সেনা ও চারজন ভারতীয় জওয়ান জখম হন।

লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা হেলিকপ্টার
এদিকে কয়েকদিন আগেই লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা গিয়েছিল চিনা হেলিকপ্টার। সঙ্গে সঙ্গেই সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ছুটে যায় ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান। এরপর ফের চিন ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ আনে। গত ৫ ও ৬ মে রাতে পূর্ব লাদাখের প্যাংগং সরোবরের কাছে ভারত ও চিনা সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষও হয়।












Click it and Unblock the Notifications