Waqf Amendment Bill: বুধে লোকসভায় ঐতিহাসিক ওয়াকফ বিল পেশ, বিতর্কে বরাদ্দ ৮ ঘণ্টা; হুইপ BJP-র, কী করবে INDI?
Waqf Amendment Bill: ২ এপ্রিল লোকসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। বিতর্কিত ওই বিল নিয়ে সংসদে ফের ঝড় তুলতে পারেন বিরোধীরা। মঙ্গলবার এনিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক আলোচনার জন্য বরাদ্দ সময় ৮ ঘণ্টা।
বুধবার ৮ ঘণ্টা ডিবেট শেষে সংসদে ভাষণ দেবেন কিরেন রিজিজু। তবে সর্বসম্মতিক্রমে আলোচনার সময় আরও বাড়ানো হতে পারে বলেও জানান রিজিজু। তবে এদিনের বিএসির বৈঠকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ন্যূনতম ১২ ঘণ্টার আলোচনার দাবি জানান বিরোধীরা। অবশেষে তাদের সেই দাবি না মানা হলে বিএসি বৈঠক থেকেও এদিন ওয়াকআউট করেন বিরোধীরা।

এদিকে ২ এপ্রিল দলের সমস্ত সাংসদদের লোকসভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি। তিন বাক্যের ওই নির্দেশিকায় বলা হয়েছে, "বুধবার ২ এপ্রিল একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে লোকসভায়। তাই বিজেপির সকল সদস্যদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সারাদিন কক্ষে উপস্থিত থেকে সরকারের সমর্থনে মত দেবেন বিধায়করা।"
এদিন কিরেন রিজিজু বলেন, আট ঘণ্টা আলোচনা চলাকালীন যদি কেউ ওয়াকআউট করে অজুহাত তৈরি করতে চায়, আলোচনা থেকে পালিয়ে যেতে চায়, তবে আমরা তাকে আটকাতে পারি না। বরং আলোচনা হোক। প্রতিটি দলই তাদের মতামত জানানোর সুযোগ পাবে। সংসদের এই অধিবেশন ৪ এপ্রিল পর্যন্ত চলবে। লোকসভার পর এই বিল রাজ্যসভাতেও পাস করতে হবে। রাজ্যসভাতেও সময় দেওয়ার কথা জানান কিরেন রিজিজু।
ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা জানিয়ে এসেছে বিরোধীরা। ওই বিল একাধারে অসাংবিধানিক ও মুসলিমদের স্বার্থের বিরোধী বলে তোপ দেগেছে বিরোধীরা। কাল যেন তেন প্রকারেণ বেলা ১২টায় বিল পেশ করে তা পাস করাতে চাইছে কেন্দ্র। তার আগে মঙ্গলবার বিরোধীদের কটাক্ষ কিরেন রিজিজুর। কোন দল কী বক্তব্য রাখবে, তা গোটা দেশ দেখতে চায়, এমনই খোঁচা রিজিজুর।












Click it and Unblock the Notifications