অযোধ্যায় স্বপ্নের রামমন্দির নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি শুরু, কবে থেকে সম্ভব হবে রামলালা দর্শন?
অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে স্বপ্নের রামমন্দির নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি। এবং মন্দির নির্মাণের সময় অন্যত্র সরানো হচ্ছে রামলালাকে। এমনটাই জানা গিয়েছে। একটি বুলোটপ্রুফ অস্থায়ী মন্দিরে আপাতত থাকবেন রামলালা। অস্থায়ী মন্দিরটি আসল মন্দির থেকে মাত্র ১৫০ মিটার দূরে অবস্থিত হবে বলে জানানো হয়েছে। তবে এই নতুন স্থানে কবে থেকে রামলালার দর্শন পাবেন ভক্তরা? এই তথ্যও জানানো হয়েছে রামমন্দির নির্মাণের দায়িত্বে থাকা ট্রাস্টের তরফে।

কবে থেকে রামলালা দর্শন করতে পারবেন ভক্তরা?
২৫ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। সেই উপলক্ষে সেদিন থেকেই এই অস্থায়ী বুলেটপ্রুফ মন্দিরে রামলালাকে দর্শন করতে পারবেন পূণ্যার্থীরা। এদিকে জানা গিয়েছে যে মার্চের প্রথম সপ্তাহেই মন্দির নির্মাণের বিষয় আরও সব সিদ্ধান্ত নিতে ফের বৈঠকে বসবে শ্রী রাম তীর্থক্ষেত্র ট্রাস্ট। বৈঠকটি দিল্লিতে হতে পারে বলে জানা গিয়েছে।

শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি
এদিকে মন্দির নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাম মন্দিরের ভূমি পুজোর জন্য জল কোথা থেকে আনা হবে, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। মন্দির নির্মাণের সময় রামধুন বাজানো হবে বলে জানা গিয়েছে। এছাড়া মন্দির তৈরির জন্য রাজস্থান থেকে লাল বেলে পাথর নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

রাম মন্দির ট্রাস্টের সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক
এর আগে রাম মন্দির ট্রাস্টের সভাপতি হিসেবে নির্মোহী আখড়ার মোহন্ত নৃত্যগোপাল দাসকে বেছে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত, মোহন্ত নৃত্যগোপাল দাস বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্তদে অন্যতম। যা নিয়ে শুরু হয় বিস্তর বিতর্ক। এদিকে প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রকে 'ভবন নির্মাণ সমিতি'-র চেয়ারম্যান পদে বসানো হয়েছে।

দিল্লি নির্বাচনের আগেই 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র'-র ঘোষণা হয়েছিল
দিল্লি নির্বাচনের আগেই 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র' নামের একটি ট্রাস্ট তৈরির কথা লোকসভায় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই মতো ২০ ফেব্রুয়ারি আইনজীবী কে পরাশরনের বাড়িতে এই বিষয়ে একটি বৈঠক হয়। অযোধ্যা বিবাদ মামলায় রামলালা বিরাজমানের তরফে প্রধান উকিল ছিলেন তিনিই। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরাও। এই বৈঠকেই সদস্যরা ট্রাস্টের পদাধিকারীদের বেছে নেন।












Click it and Unblock the Notifications