এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই? করা যাবে না SIR-এর ফর্ম পূরণ, কী করবেন? জানুন নির্বাচন কমিশনের নির্দেশিকা
শুক্রবার থেকেই অনলাইনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের আবেদন নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সঙ্গে কারা এই ফর্ম পূরণ করতে পারবেন বা কী ভাবে তা পূরণ করবেন তা-ও জানিয়ে দিল কমিশন। কমিশনের ওয়েবসাইটে গেলে অথবা কমিশনের এই সমস্ত কাজের জন্য যে অ্যাপটি রয়েছে সেখানে গেলেও এই ফর্মের লিঙ্ক পাওয়া যাবে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, যারা বিএলও-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই এই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। তবে উল্লেখ্য, নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছেন যে, এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর কিংবা ইমেল আইডির লিঙ্ক না-থাকলে অনলাইনে এসআইআরের ফর্ম পূরণ করা যাবে না। অফলাইন মাধ্যমে যে ভাবে ফর্ম পূরণ করতে হত ঠিক একইভাবেই অনলাইনেও করতে হবে। তারপর পোর্টালে দেওয়া প্রক্রিয়া অনুসারে পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে অর্থাৎ https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটেই এই অনলাইন এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। কেউ যদি চান তাহলে কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়েও ওই ফর্ম পূরণ করতে পারেন। অনলাইন ফর্মটি পূরণ করে নিয়মগুলি হল:
১. প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে.
২. এই আবেদনের জন্য এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর কিংবা ইমেল আইডির লিঙ্ক থাকা প্রয়োজন। এই লিঙ্ক না-থাকলে অনলাইনে এসআইআরের ফর্ম পূরণ করা যাবে না।
৩. যে মোবাইল নম্বরটি রেজিস্টার্ড করা থাকবে সেই নম্বরেই একটি ওটিপি আসবে যেটা বসিয়ে কমিশনের সাইটটি লগইন করতে হবে।
৪. তারপর প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে এপিক কার্ড নম্বরটি বসাতে হবে।
৫. এপিক কার্ড নম্বরটি বসানোর পরে তালিকার সঙ্গে নাম মিলিয়ে দেখতে হবে। এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যদি তালিকার সঙ্গে নিজের না মিলে তাহলে বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
৬. যদি নাম মিলে তাহলে আবার মোবাইল নম্বর বসালে পুনরায় সেই নম্বরে ওটিপি আসবে যেটা বসিয়ে অনলাইনে জমা করতে হবে।
৭. এরপরে প্রথমে শেষ এসএইআরের তালিকায় নিজের যে নাম রয়েছে সেটি দিতে হবে। তারপর শেষ এসএইআরের তালিকায় বাবা অথবা মা যার নাম রয়েছে তার নাম দিতে হবে। সবার শেষে থাকবে শেষ এসএইআরের তালিকায় বাবা অথবা মায়ের মধ্যে যার নাম নেই সেখান থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করতে হবে।
৮. এরপর ২০০২ সালের বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি বসাতে হবে।
৯. অফলাইন মাধ্যমে যে ভাবে ফর্ম পূরণ করতে হয় ঠিক সেই পদ্ধতি অনুসরণ করেই অনলাইনেও তা করতে হবে।
১০. ফর্ম জমা দেওয়ার পরে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি একটি আসবে, যেটা বসানোর পরেই এনুমারেশন ফর্ম জমা করা যাবে।
গত মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি ঘুরে বিএলও-রাএনুমারেশন ফর্ম দিচ্ছেন। কমিশন জানিয়েছে, যাঁরা বিএলওদের কাছ থেকে এই ফর্মটি নিতে পারছেন না অর্থাৎ কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন তাঁরা এই ফর্মটি অনলাইনের মাধ্যমে পূরণ করে জমা দিতে পারেন।












Click it and Unblock the Notifications