ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গাজা! কোথায় প্রভাব, যা বলছে আবহাওয়া দফতর
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শনিবারের তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পূর্ব এবং সন্নিহিত মধ্য বঙ্গোপসাগরের ওপর ছিল শনিবার বিকেলে।পরবর্তী পর্যায়ে রবিবার সকালে তা ঘূর্ণিঝড় গাজায় পরিণত হয়েছে
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শনিবারের তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পূর্ব এবং সন্নিহিত মধ্য বঙ্গোপসাগরের ওপর ছিল শনিবার বিকেলে। পরবর্তী পর্যায়ে রবিবার সকালে তা ঘূর্ণিঝড় গাজায় পরিণত হয়েছে। যা ছিল পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমমধ্য এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে। তবে পশ্চিমবঙ্গের ওপর এর সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

ঘূর্ণিঝড় গাজার অবস্থান
ঘূর্ণিঝড় গাজার অবস্থান সেই সময় ছিল পোর্ট ব্লেয়ারের ৪৬০ কিমি উত্তর পশ্চিমে, চেন্নাইয়ের ৯৩০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার ৯৮০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে। আগামী ২৪ ঘন্টায় যা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে অনুমান আবহাওয়া দফতরের। যা পরবর্তী ৩৬ ঘন্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তামিলনাড়ুর উত্তর এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ১৫ নভেম্বর নাগাদ যা কোড্ডালোর এবং শ্রীহরিকোটার মধ্যবর্তীস্থানে আছড়ে পড়তে পারে বলে অনুমান। তবে স্থলভাগে ঢুকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে বলেও অনুমান আবহাওয়া দফতরের।

ঘূর্ণিঝড় এগোচ্ছে তামিলনাড়ু-অন্ধ্রের পথে
রবিবার দুপুরের হিসেবে, গত ছয় ঘন্টা ধরে ঘূর্ণিঝড় গাজার গতিপথ পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন্টায় ১৩ কিমি বেগে।

পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই
তবে এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই। তবে কমতে পারে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
তবে উত্তর আন্দামান সাগরের পরিস্থিতি খুবর উত্তাল থাকার সম্ভাবনা। এছাড়াও পূর্ব মধ্য এবং সন্নিহিত দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরও উত্তাল থাকবে। উত্তাল থাকবে পশ্চিম মধ্য এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরও।
মৎস্যজীবীদের মধ্য ও সন্নিহিত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে ১২ নভেম্বর থেকে।

পরের ঘূর্ণিঝড় হল পেথাই
গাজার পরের ঘূর্ণিঝড় হল পেথাই। গাজার নামকরণ করেছে থাইল্যান্ড। আর পেথাইয়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা।
ভারত মহাসাগর এলাকার আটটি দেশ ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। ভারত ছাড়াও দেশগুলি হল, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications