‘সঙ্গমের জল পান করার যোগ্য’, ব্যাকটেরিয়া সংক্রান্ত রিপোর্ট ভুল বলে কড়া বার্তা যোগীর
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সনাতন ধর্ম, মা গঙ্গা ও মহাকুম্ভ সম্পর্কে ভিত্তিহীন অভিযোগের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "মহাকুম্ভ নিয়ে ভুয়ো ভিডিও বা ভুল তথ্য প্রচার করা কোটি কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা করার শামিল"।
সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) জানিয়েছে, মহাকুম্ভ চলাকালীন প্রয়াগরাজের জলে ভিন্ন ধরনের জীবাণু মিলেছে। প্রয়াগরাজের বিভিন্ন স্থানে মলমূত্রের কলিফর্মের মাত্রার সাথে সাপেক্ষে স্নানের জন্য প্রাথমিক জলের গুণমান ঠিক ছিল না বলেই জানান হয়েছে ওই রিপোর্টে।

উষ্ণ রক্তের প্রাণী এবং মানুষের অন্ত্রে মল কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। এগুলি সাধারণত জলে সম্ভাব্য দূষণের সূচক হিসাবে ব্যবহৃত হয়। কারণ তাদের উপস্থিতি থেকে বোঝা যায় যে জলে ক্ষতিকারক রোগজীবাণু, যেমন ভাইরাস, পরজীবী বা অন্যান্য ব্যাকটেরিয়াও থাকতে পারে, যা প্রাণী এবং মানুষের অন্ত্র থেকে নির্গত মল বা মল থেকে উদ্ভূত হয়। সেই মল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে প্রয়াগরাজের জলে, যা স্নানের জন্য নিরাপদ নয়। তবে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "সঙ্গমের জল শুধু স্নানের জন্যই নয়, এটি পান করার উপযুক্তও"।
বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মহাকুম্ভ কোনও নির্দিষ্ট দল বা সংগঠনের অনুষ্ঠান নয়, এটি সমাজের আস্থার উৎসব। সরকার এখানে কেবল একজন সেবকের ভূমিকা পালন করছে"।
তাঁর কথায়, "এটি আমাদের সৌভাগ্য যে আমরা এই শতাব্দীর অন্যতম বৃহৎ মহাকুম্ভের আয়োজনের অংশ হতে পেরেছি। দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষ এতে অংশ নিয়েছেন এবং সমস্ত মিথ্যা প্রচার উপেক্ষা করে এই আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন"।
মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এখন পর্যন্ত ৫৬ কোটিরও বেশি ভক্ত মহাকুম্ভে পবিত্র স্নান সেরেছেন, আর মাত্র সাত দিন বাকি থাকলেও অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ।
গত ২৯ জানুয়ারি মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বেশ কয়েকজন প্রাণ হারান। এ বিষয়ে যোগী আদিত্যনাথ এদিন বিধানসভা থেকে দাঁড়িয়ে বলেন, "যারা কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা পদদলিত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। সরকার তাদের পাশে দাঁড়িয়েছে এবং সম্ভাব্য সকল সাহায্য করবে। তবে, এই বিষয়টিকে রাজনীতির হাতিয়ার করা কতটা ন্যায়সঙ্গত?"
কার্যত এদিন এই ভাবেই, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মহাকুম্ভ নিয়ে কোনো ভুল প্রচার বরদাস্ত করা হবে না। তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন, মহাকুম্ভের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষা করতে বিভ্রান্তিমূলক তথ্য এড়িয়ে চলতে। আর এর সাথে রাজনীতি জড়ানোর ক্ষেত্রেও ক্ষোভ প্রকাশ করেছেন যোগী।












Click it and Unblock the Notifications