বড় ধাক্কা খেল কংগ্রেস! লোকসভা নির্বাচনের আগে মোদী-রাজ্যে দল ছাড়লেন বিধায়ক
লোকসভা ভোট কড়া নাড়ছে দরজায়। তার আগেই গুজরাট কংগ্রেস বড় ধাক্কা খেল। দল ছাড়লেন জায়েন্ট কিলার বিধায়ক আশা প্যাটেল। একইসঙ্গ দল ও বিধানসভা থেকে ইস্তফা দিলেন তিনি।
লোকসভা ভোট কড়া নাড়ছে দরজায়। তার আগেই গুজরাট কংগ্রেস বড় ধাক্কা খেল। দল ছাড়লেন জায়েন্ট কিলার বিধায়ক আশা প্যাটেল। একইসঙ্গ দল ও বিধানসভা থেকে ইস্তফা দিলেন তিনি। বিশেষ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে দেখা করার পর তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন।

জায়েন্ট কিলারের কংগ্রেস ত্যাগ
রাজ্য কংগ্রেসে জায়েন্ট কিলার হিসেবে তাঁর খ্যাতি ছিল। এবার তিনি মোদী-গড়ে সাতবারের বিধায়ককে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। বিজেপির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন উনঝা আসনটি। তাঁর ক্যারিশ্মায় ধরাশায়ী হয়েছিলেন বিজেপির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী নারায়ণ প্যাটেল।

রাহুল গান্ধীকে ইস্তফাপত্র
মোদীর শহর ভাদনগর পড়ে আশা প্যাটেলের নির্বাচনী ক্ষেত্রে। মোদীর গড়ে তিনি ছিলেন রাহুল গান্ধীর শক্তি। কিন্তু লোকসভার আগে সেই আশাই দল ছাড়লেন। রাহুল গান্ধীকে পাঠিয়ে দিলেন ইস্তফাপত্র। সেই ইস্তফাপত্রে রাহুলকে ব্যর্থ জননেতা বলে উল্লেখ করতেও ছাড়লেন না আশা।

রাহুল গান্ধী ব্যর্থ নেতা!
শুধু রাহুল গান্ধীকে ব্যর্থ নেতা বলে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তিনি। তিনি কংগ্রেসের সমালোচনা করে লেখেন- এখন জাতপাতের নামে রাজনীতি করছে কংগ্রেস। দলের শীর্ষ নেতা ও তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে কোনও যোগাযোগ নেই।

গোষ্ঠীকোন্দল গুজরাট কংগ্রেসে
তিনি বলেন, দলে শুধুই গোষ্ঠীকোন্দল চলছে। নেতারা এই গোষ্ঠীকোন্দল রুখতে পারছেন না। সাধারণ মানুষের সমস্যা নিরসনেও নজর দিচ্ছে না কংগ্রেস। এই অবস্থায় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কাজ করা কঠিন। তাই বাধ্য হয়েই কংগ্রেস ত্যাগ করছি।

ইস্তফাপত্রে কংগ্রেসকে নিশানা
এদিন তিনি ইস্তফাপত্রে আরও উল্লেখ করেছেন, বিজেপি যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন, কংগ্রেস সেখানে জাতপাত ও ধর্মের নামে রাজনীতিকে বেছে নিচ্ছে। সেই কারণেই এখন কংগ্রেসের সঙ্গে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে। কংগ্রেসের সমস্ত পদ থেকে তাই ইস্তফা দিচ্ছি।

মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরই
এদিন সাংবাদিক সম্মেলন করে আশা প্যাটেল জানান, ভবিষ্যতে কী করব এখনও ঠিক করিনি। তবে বিজেপিতে যাচ্ছি না। কংগ্রেসে আমার দম আটকে আসছিল। তাই কংগ্রেস ছাড়লাম। এ প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে সাক্ষাতের পরই এই সিদ্ধান্ত। রাজ্যের আরও কয়েকজন নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে কংগ্রেস ভাঙার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications