Rajiv Kumar: "ভোটার তালিকা বদল অসম্ভব," দিল্লির ভোটের আগে বিরোধীদের সব অভিযোগ নস্যাৎ মুখ্য নির্বাচন কমিশনারের
Delhi Assembly Election 2025: ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ ছিলই। দিল্লিতে বিধানসভা ভোটের আগে তা নিয়ে ফের একবার সরব হয়েছেন বিরোধীরা। ভোটারের সংখ্যা বাড়ানো কমানো, ভোটার তালিকায় (Voter List Manipulation) নাম বাদ দেওয়া থেকে শুরু করে ইভিএম কারচুপি-সহ বিস্তর অভিযোগ এনেছে বিরোধীরা। এদিন অভিযোগ ধরে ধরে যুক্তি দেখিয়ে তা নস্যাৎ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)।
ভোট প্রক্রিয়া নিয়ে এত সন্দেহ প্রকাশ করা হয়েছে, তাই এবার থেকে জনসমক্ষে সমস্ত আপডেট ঘোষণা করা হবে বলে জানান রাজীব কুমার। তিনি বলেন, "ভোটার তালিকায় বেআইনিভাবে নাম সংযোজন বিয়োজন করার অভিযোগ আনা হয়েছে। এও বলা হয়েছে, কিছু নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে এর আগে জবাব দেওয়ার পরেও ফের ইভিএম কারচুপির অভিযোগ আনা হয়েছে।"

নির্বাচন কমিশনারের আরও বলেন, "ভোট প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাকে সম্মান জানিয়েই বলছি, প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রে। সমস্ত অভিযোগের নিস্পত্তি করা হবে।" ভোটার তালিকা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজীব কুমার বলেন, "ভোটার তালিকা সমস্ত রাজনৈতিক দলকে সামনে রেখেই প্রস্তুত করা হয়। এমনকি তাদের আপত্তি জানানোর সুযোগও থাকে।"
ভোটার তালিকায় সংযোজন বিয়োজনও রাজনৈতিক দলগুলির সামনেই হয়ে থাকে বলে জানান রাজীব কুমার। বলেন, "ফর্ম ৭ পূরণ না করলে কোনওভাবেই নাম বাদ দেওয়া যায় না। তাই ভোটার তালিকায় কারচুপি করার কোনও জায়গাই নেই।"
ইভিএম নিয়ে ফের একবার আশ্বস্ত করলেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজীব কুমার জানান, ভোটের নির্ধারিত দিনের ৭ থেকে ৮ দিন আগেই ইভিএম মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের তাঁদের এজেন্ট মারফত প্রত্যেক পুঙ্খানুপুঙ্খ আপডেটও দেওয়া হয় বলে জানান রাজীব কুমার।
তিনি আরও বলেন, অন্ততপক্ষে ৪২টি ক্ষেত্রে আদালত জানিয়েছে, ইভিএম হ্যাক করা সম্ভব নয়। আর তাই ইভিএম কারচুপির অভিযোগ পুরোদমে ভিত্তিহীন বলে দাবি রাজীব কুমারের। ভোটদানের হারেও বদল করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন রাজীব কুমার।
ভোটদানের হার পরিবর্তন করা কার্যত অসম্ভব বলে জানিয়ে দেন তিনি। ভুয়ো তথ্যের ভিত্তিতে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। বিকেল ৫টা বেজে যাওয়ার পর ভোটদানের হার বাড়ানো সম্ভব নয় বলে দাবি নির্বাচন কমিশনারের। যা ভোট পড়েছে, তার বাইরে গণনা সম্ভব নয়। এসংক্রান্ত ফর্ম ১৭ এজেন্টদের কাছে থাকে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হরিয়ানা, মহারাষ্ট্রে পরাজয়ের পর ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়েছিল কংগ্রেস। আর এবার দিল্লির বিধানসভা ভোট দোরগোড়ায় আসতেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party)।
আপের দাবি, ভোটার তালিকায় সংযোজন বিয়োজন করে জেতার চেষ্টা করছে বিজেপি। আপের ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। আর এবার সেসমস্ত অভিযোগ নস্যাৎ করে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।












Click it and Unblock the Notifications