শক্তি পরীক্ষা শুরু কর্নাটকে! সরকার বাঁচাতে বিজেপির লক্ষ্য ৬ আসন
কর্নাটকের ১৫ টি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। চলবে সন্ধে ৬ টা পর্যন্ত এই নির্বাচন কর্নাটকের সরকার পক্ষ অর্থাৎ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ।
কর্নাটকের ১৫ টি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। চলবে সন্ধে ৬ টা পর্যন্ত এই নির্বাচন কর্নাটকের সরকার পক্ষ অর্থাৎ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২২৫ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে গেলে ৬ টি আসনে জিততেই হবে বিজেপিকে।

১৫ টি কেন্দ্রে উপনির্বাচন শুরু
এই ১৫ টি বিধানসভা আসন রয়েছে কর্নাটকের দক্ষিণ এবং উত্তর পশ্চিম অংশে। যে আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে সেগুলি হল আথানি, কাগোয়াড, গোকক, ইয়েল্লাপুরা, হিরেকেরুর, রানিবেন্নুর, বিজয়নগর, চিকবাল্লাপুরা, কেআরপুরা, ইয়াবসবন্তপুরা, মহালক্ষ্মী লেআউট, শিবাজিনগর, হোসাকোটে, কেআরপেটে, হুনসুর। ১৫ টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ। ১৫ টি কেন্দ্রে বুথের সংখ্যা ৪১৮৫। যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৮৪ টি।

সব আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি, কংগ্রেস
মোট প্রার্থী ১৬৫ জন। যাঁদের মধ্যে ১২৬ জন নির্দল। ৯ জন মহিলা। বিজেপি এবং কংগ্রেস উভয়েই ১৫ টি আসনেই প্রার্থী দিয়েছে। জেডিএস প্রার্থী দিয়েছে ১২ টি আসনে। আথানি, ইয়াল্লাপুরা এবং হসকোটে আসনে সরাসরি লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের।

যে কারণে উপনির্বাচন
বিজেপি তাদের প্রার্থী তালিকায় ১১ জন বিক্ষুব্ধ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রয়েছেন। পাশাপাশি তারা ৩ জন বিক্ষুব্ধ প্রাক্তন জেডিএস বিধায়ককেও প্রার্থী করেছে। যাঁরা ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কর্নাটক বিধানসভার স্পিকার ১৭ জন বিক্ষুব্ধ কংগ্রেস এবং জনতাদল সেকুলার বিধায়কের সদস্যপদ বাতিল করে দিয়েছিলেন। জুলাইমাসে যাঁরা তৎকালীন এইচডি কুমারস্বামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

বিজেপিকে জিততেই হবে ৬ টি আসন
২২৫ আসন বিশিষ্ট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে গেলে এদিনের নির্বাচনে বিজেপিকে ছটি আসনে জিততেই হবে। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৫, এক নির্দলের সমর্থন সহ। আর কংগ্রেস ও জনতাদল সেকুলারের বিধায়ক সংখ্যা যথাক্রমে ৬৬ এবং ৩৪ জন। এছাড়াও একজন বহুজন সমাজপার্টি সদস্য, একজন মনোানীত সদস্য এবং স্পিকার রয়েছেন।












Click it and Unblock the Notifications