২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপির অশনি সংকেত বিগত উপনির্বাচনী ফল, একনজরে
২০১৯ লোকসভা মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। ২০১৪-য় মোদী ম্যাজিক কাজ করলেও, সাম্প্রতিক উপনির্বাচনে কিন্তু বিরোধীদের দিকেই পাল্লা ভারী।
২০১৯ লোকসভা মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণার আগে জোর আলোচনা এবার কার পাল্লা ভারী। ২০১৪-য় যেভাবে বিপুলভাবে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, সেই ধারা কি বজায় থাকবে? নাকি ফের কংগ্রেস ফিরবে স্বমহিমায়। ২০১৪-য় মোদী ম্যাজিক কাজ করলেও, সাম্প্রতিক উপনির্বাচনে কিন্তু বিরোধীদের দিকেই পাল্লা ভারী।

শেষ হাসি কার
এ ক্ষেত্রে ২০১৮-র ৯ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিশেষ তাৎপর্যপূর্ণ উপনির্বাচনের ফলাফলও। কারণ, উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চাইছে। সেই নিরিখেই মঞ্চ প্রস্তুত ২০১৯-এর। এখন চূড়ান্ত লড়াইয়ে কে শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

কংগ্রেস প্লাস, বিজেপি মাইনাস
২০১৮-য় মোট ১৩টি কেন্দ্রে উপনির্বাচন হয়। তার মধ্যে ৯টি কেন্দ্র ছিল বিজেপির দখলে। তার মধ্যে বিজেপি দখলে রাখতে পেরেছে মাত্র দুটি কেন্দ্র। অর্থাৎ বিজেপির মাইনাস ৭। আর কংগ্রেসের দখলে একটি ছিল না, তারা দখল করেছে তিনটি আসন। অর্থাৎ কংগ্রেস প্লাস ৩।

বিজেপি বিরোধীরাও প্লাস
কংগ্রেসের সমর্থনে বিরোধীরা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চারটি আসন। অন্য চারটি আসন ধরে রাখতে সমর্থ হয়েছে মোদী বিরোধী জোটের আঞ্চলিক দলগুলি। সেই হিসেবে বিজেপি জোটের আসনসংখ্যা ২, কংগ্রেস প্লাস ১১।

যে কেন্দ্রগুলিতে জয় কংগ্রেসের
বিজেপির দখলে থাকা রাজস্থানের আলোয়ার ও আজমেঢ়ে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। বিজেপির হাতছাড়া হয় কর্ণাটকের বেলারি কেন্দ্রটিও। বিজেপির কাছ থেকে তা ছিনিয়ে নেয় কংগ্রেস। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস ৩, বিজেপি ০।

বিজেপির গড় হাতছাড়া
উত্তরপ্রদেশের বিজেপির গড় বলে পরিচিত গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রের উপনির্বাচনেও হার মানতে হয় গেরুয়া শিবিরকে। সমাজবাদী ও বহুদজন সমাজবাদী পার্টির জোট উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর কেন্দ্রে জয়ী হয়। দুটি কেন্দ্রেই বিএসপি সমর্থিত সমাজবাদী পার্টির প্রার্থী কাছে পরাজিত হয় বিজেপি।

জোট প্রার্থীদের সাফল্য
এছাড়া মহারাষ্ট্রের ভাণ্ডারা-গণ্ডিয়াতে বিজেপি পরাজিত হয় এনসিপি প্রার্থীর কাছে। একইভাবে বিরোধী জোটের আরএলডি প্রার্থীর কাছে উত্তরপ্রদেশের কইরানা কেন্দ্রটি হারায় বিজেপি। কংগ্রেসের কাছে দুটি কেন্দ্র ছাড়াও মোট চারটি কেন্দ্র বিজেপি হারায় বিরোধী জোটের কাছে।

চার কেন্দ্র বিরোধীদের
বিহারের আরারিয়া আসনটি ছিল আরজেডির দখলে। উপনির্বাচনেও আরজেডি জয়ী হয়। পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া কেন্দ্রটি ধরে রেখেছে তৃণমূল। এখানে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। মাণ্ড্য কেন্দ্রটি ধরে রাখে জেডিএস। নাগাল্যান্ডের নাগাল্যান্ড কেন্দ্রে এনপিএফকে হারিয়ে জয়ী হয় এনডিপিপি।

বিজেপি সাফল্য দুটি আসনে
মহারাষ্ট্রের পালঘর কেন্দ্রটি বিজেপি ধরে রাখতে সমর্থ হয়। একইভাবে বিজেপি ধরে রাখতে সমর্থ হয় কর্ণাটকের শিবমোগা কেন্দ্রটি। মোট ১৩টি উপনির্বাচনে বিজেপির সাফল্য বলতে এটুকুই। বাকি ১১টি কেন্দ্রেই ব্যর্থতা চরমে।












Click it and Unblock the Notifications