এবার পাক জঙ্গি মদতে নাম জড়াল নেপালের, হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রীরা! হাই অ্যলার্ট জারি বিহারে
বিহারে জারি হল হাই অ্যালার্ট৷ নেপাল সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকতে পারে তালিবান ও জইশ-ই-মহম্মদের জঙ্গি৷ এই হুঁশিয়ারি আসার পরই বিহার স্পেশাল ব্রাঞ্চ রাজ্যের সমস্ত জেলায় জারি করল সতর্কতা৷ প্রতিটি জেলার পুলিশকেও পাঠানো হয়েছে সতর্কবার্তা৷ যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপর রাখতে বলা হয়েছে কড়া নজর৷

আইএসআই-এর মদতে পাক জঙ্গি অনুপ্রবেশ
জানা গিয়েছে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই নেপাল সীমান্ত দিয়ে বিহারে ৫ থেকে ৬ জন তালিবান ও জইশ জঙ্গি পাঠানোর পরিকল্পনা করেছে৷ তারা পাকিস্তান সেনার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত৷ পুলিশের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, এনআইএ-র কন্ট্রোল রুমে একটি হুঁশিয়ারি ইমেল এসেছে৷ এই ইমেল পাঠানো হয়েছে একটি হিট লিস্ট৷

জঙ্গিদের হিটলিস্টে কেন্দ্রীয়মন্ত্রীরা
জানা গিয়েছে এনআইএ-কে মেল করা হিটলিস্টে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য বিজেপি নেতাদের নাম রয়েছে৷ তাই কাশ্মীরের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ, আল কায়দাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, চিনের সঙ্গে লাদাখ নিয়ে ভারতের বিবাদ শুরু হতেই পাক মদতে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। প্রায় প্রতিদিনই সেনা-জঙ্গি লড়াইয়ে কেঁপে উঠেছে কাশ্মীর। পাশাপাশি চলেছে পাকিস্তানের সীমান্ত পার থেকে বারংবার শেলিং।

কড়া নজরদারি দেশজুড়ে
সতর্কবার্তায় আরও জানানো হয়, ভিভিআইপিদের চারপাশে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে৷ ভিভিআইপিদের পরিদর্শন শেষ হওয়া পর্যন্ত কড়া নজরদারি রাখা হবে৷ হুমকির লিস্টে যে ভিভিআইপিদের নাম আছে তাঁদের প্রত্যেকের উপর আলাদাভাবে নজর রাখতে হবে৷ এছাড়াও ভিভিআইপি এলাকাগুলিতে কোনওরকম সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর রাখতে হবে৷

ভারত-নেপাল দ্বন্দ্ব
প্রসঙ্গত, এই সতর্কবার্তা এমন একটা সময় এল যখন নেপাল চিনের ঘনিষ্ঠ হয়েছে। ঐতিহাসিক ভাবে ভারতের বন্ধু রাষ্ট্র থাকলেও সম্প্রতি লিপুলেখ ও কালাপানি নিয়ে দিল্লির সঙ্গে বিবাদে জড়িয়েছে নেপাল। এই পরিস্থিতিতে ভারতের সখ্যতা ছেড়ে পাকিস্তানের হাত ধরল কি না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।












Click it and Unblock the Notifications