Bihar Caste Survey Report: শিক্ষা থেকে রোজগার, সবেতেই পিছিয়ে বিহার! ২ লক্ষ টাকা করে সাহায্যের আশ্বাস নীতীশের
Bihar Caste Survey Report: বিহারে প্রায় ৮০ লক্ষ স্নাতক রয়েছে। যাঁরা মোট জনসংখ্যার প্রায় ৬.১১ শতাংশ। বিহার বিধানসভায় পেশ করে জাত শুমারির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্য বিধানসভায় জাত শুমারির রিপোর্ট প্রকাশের সঙ্গে রাজ্যের দরিদ্র পরিবারগুলির জন্য বেশ কয়েকটি সুবিধার কথাও ঘোষণা করেছেন।
জাত শুমারির রিপোর্ট অনুসারে অন্য রিপোর্টেড ক্লাসের (ORC) অন্তর্গত স্নাতকের সংখ্যা ২৪,৫৩৪। যা তাদের মোট জনসংখ্যার ১৩.৪৫ শতাংশ। সাধারণ বিভাগে স্নাতকের সংখ্যা ২৬,৯৫,৮২০। যা তাদের মোট জনসংখ্যার ১৩.৪১ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে তপশিলি জাতির স্নাতক রয়েছেন ৭,৮৩,০৫০ জন। যা তাদের মোট জনসংখ্যার ৩.০৫ শতাংশ।

রিপোর্টে বলা হয়েছে, বিহারে মোট স্নাতকোত্তরের সংখ্যা ১০,৭৬,৭০০ যা জনসংখ্যার ০.৮২ শতাংশ। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট-সহ পিএইচডি প্রাপ্ত লোকের সংখ্যা ৯৫,৩৯৮, যা জনসংখ্যার ০.০৭ শতাংশ। রিপোর্টে আরও বলা হয়েছে, শুধুমাত্র ৯.১৯ শতাংশ লোক (১,২০,১২,১৪৬) উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ১৪.৭১ শতাংশ (১৯,২২,৯৯,৯৭) দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছে।
জাত শুমারির রিপোর্টে বলা হয়েছে, বিহারে ১৫ লক্ষ লোকের নিজস্ব ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ রয়েছে। যা সমীক্ষা করা জনসংখ্যার দুই শতাংশও নয়। অন্য রিপোর্টেড ক্লাসের (ORC) অন্তর্গত ১০,১৪৭ জনের কাছে ইন্টারনেট-সহ ল্যাপটপ রয়েছে। যা ওই গোষ্ঠীর জনসংখ্যার ৫.৫৬ শতাংশ।
সাধারণ বিভাগের ৬,৩৩,৮৬৪ জনের ইন্টারনেট-সহ ল্যাপটপ রয়েছে, যা তাদের জনুসংখ্যার ৩.১৫ শতাংশ। তফশিলি জাতির ৯৫,৪৯০ জনের ইন্টারনেট সংযোগ-সহ ল্যাপটপ রয়েছে। যা ওই জনগোষ্ঠীর ০.৩৭ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী বিহারের জনসংখ্যার মাত্র ১.৫৭ শতাংশ (২০,৪৯,৩৭০) সরকারি কর্মী। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের লোক যথাক্রমে ১.২২ শতাংশ এবং ২.১৪ শতাংশ। বিহারের মোট জনসংখ্যার ৬৭.৫৪ শতাংশ অর্থাৎ ৮,৮২,৯১,২৭৫ জন গৃহিনী ও ছাত্রছাত্রী। শ্রমিকের সংখ্যা ২,১৮,৬৫,৬৩৪ জন, যা মোট জনসংখ্যার ১৬.৭৩ শতাংশ।
জাত শুমারির তথ্য জানান দিচ্ছে, তফশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে দরিদ্র পরিবারের সংখ্যা সর্বাধিক। এসসিদের মধ্যে ৪২.৯৩ শতাংশ দরিদ্র আর এসটিদের মধ্যে দরিদ্র ৪২.৭ শতাংশ। ওই তথ্য থেকে আরও জানা যাচ্ছে ওবিসিদের মধ্যে ৩৩.১৬ শতাংশ পরিবার দরিদ্র চরমভাবে অনগ্রসর (ইবিসি) পরিবারগুলির মধ্যে ৩৩.৫৮ শতাংশ দরিদ্র। উচ্চবর্ণের মধ্যে ২৫.০৯ শতাংশ দরিদ্র।
সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, বিহারে জনসংখ্যার ২৭.১২ শতাংশ ওবিসি, ৩৬.০১ শতাংশ ইবিসি, ১৫.৫২ শতাংশ উচ্চবর্ণের।
বিহারের ২.৭৬ লক্ষ পরিবারের মধ্যে প্রায় ৯৪ লক্ষ পরিবার অর্থাৎ ৩৪.১৩ শতাংশ অর্থনৈতিকভাবে দরিদ্র। যাঁদের মাসিক আয় ছয়হাজার টাকারও কম। নীতীশ কুমার জানিয়েছেন ৯৪ লক্ষ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার আর্থিকভাবে দরিদ্রদের জন্য আগামী পাঁচ বছরে ২.৫ লক্ষ কোটি টাকা ব্যয় করবে বলেও তিনি। এই পরিবারগুলির মধ্যে যাঁরা গৃহহীন তাঁদের অতিরিক্ত ৮০ হাজার টাকা করে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications