লোকসভায় শপথ নিলেন আসাদউদ্দিন ওয়েইসিও! কেন 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়ে শেষ করলেন তিনি?
অন্য সাংসদদের মতোই এদিন শপথ নিলেন এআইএমআইএম সভাপতি তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি এদিন পঞ্চমবারের জন্য লোকসভা সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এদিন শপথ নেওয়ার শেষে আসাদউদ্দিন বলেন, জয় প্যালেস্তাইন।
শপথ নেওয়ার পরে নিজের এক্স হ্যান্ডেলে আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, তিনি আন্তরিকতার সঙ্গে দেশের প্রান্তিক জনগণের সমস্যাগুলি উত্থাপন করতে থাকবেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ওয়েইসি হায়দরাবাদ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মাধবী লথাকে পরাজিত করেছেন।

এদিন আসাদউদ্দিন ওয়েইসি শপথ নিতে গেলে, বিজেপির সাংসদরা জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করেন। তাতে বিচলিত হননি ওয়েইসি। তিনি জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা এবং জয় প্যালেস্তাইন বলে শেষ করেন। প্রসঙ্গত, ওয়েইসি ২০১৯ সালে জয় ভীম এবং আল্লাহ আকবর এবং জয় হিন্দ শব্দে শপথ শেষ করেছিলেন।
শপথের সময় জয় প্যালেস্টাইন স্লোগান দেওয়ার পরেই রাজনীতি শুরু হয়ে যায়। কেন তাঁর দেওয়া স্লোগানের বিরোধিতা করা হচ্ছে, এই প্রশ্নের উত্তরে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, কে কী বলল তাতে কিছু যায় আসে না। তিনি যা বলেছেন, সবার সামনে বলেছেন। এই স্লোগান কীভাবে সংবিধান বিরোধী, তা দেখাতে বলেন হায়দরাবাদের সাংসদ।
ওয়েইসির স্লোগানের বিরোধিতা করেছেন বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি। এই স্লোগান রেকর্ড থেকে মুছে ফেলার দাবিও তিনি করেছেন। জি কিষাণ রেড্ডি বলেছেন, এদেশের সাংসদে শপথ নেওয়ার সময় জয় প্যালেস্টাইন স্লোগান দেওয়া সম্পূর্ণ ভুল। এব্যাপারে ওয়েইসি বলেছেন, বিরোধিতা করাই জি কিষাণ রেড্ডির কাজ।












Click it and Unblock the Notifications