শীতের দাপটে স্থগিত এয়ার ইন্ডিয়ার আমেরিকা রুট, যাত্রীদের বাড়তি সহায়তার আশ্বাস
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল শীতঝড়ের আশঙ্কায় আগামী ২৫ ও ২৬ জানুয়ারি নিউইয়র্ক ও নিউয়ার্কগামী সব ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া। দিল্লি ও মুম্বই থেকে নিউইয়র্কে প্রতিদিন যাতায়াত করা এই রুটে পাশাপাশি দিল্লি নিউয়ার্কে নিয়মিত ও মুম্বাই নিউয়ার্কে নির্দিষ্ট দিন অনুযায়ী পরিষেবা চালু থাকে।
এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, রবিবার ভোর থেকে সোমবার পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। এতে আকাশপথে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেই সংস্থার দাবি। এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে সংস্থা বলেছে, "যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করেই ২৫ ও ২৬ জানুয়ারির নিউইয়র্ক ও নিউয়ার্ক সংক্রান্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।"

শীতঝড়ের প্রভাবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে যাতায়াতে চরম অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বিশেষ টিম গঠন করেছে এয়ার ইন্ডিয়া।
মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জনসাধারণকে সতর্ক করে বলেছে, সপ্তাহজুড়ে মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত বহু অঞ্চলে শীতঝড়ের মাঝারি থেকে গুরুতর প্রভাব পড়তে পারে, এতে বিদ্যুৎ, যাতায়াত ও দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে।
শীতঝড়ের এই সিদ্ধান্ত ঘোষণার কয়েকদিন আগেই আন্তর্জাতিক রুটে বিঘ্নের কথা জানিয়েছিল এয়ার ইন্ডিয়া। ইরানে বিক্ষোভ ও উত্তেজনার জেরে হঠাৎ আকাশসীমা বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে রুট পরিবর্তন ও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এক্স হ্যাণ্ডেলে সংস্থা জানিয়েছিল, বিকল্প রুটে চলতে গিয়ে কিছু ফ্লাইটে দেরি হতে পারে ও যেসব রুটে রিরাউটিং সম্ভব নয়, সেগুলো স্থগিত রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়া যাত্রীদের অনুরোধ করেছে, ভ্রমণের আগে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে নিতে। সংস্থার দাবি, "যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"












Click it and Unblock the Notifications