টুইটারের রোষানলে কৃষি আইনের প্রতিবাদীরা, উড়ে গেল কৃষক একতা মোর্চার অ্যাকাউন্ট
টুইটারের রোষানলে কৃষি আইনের প্রতিবাদীরা, উড়ে গেল কৃষক একতা মোর্চার অ্যাকাউন্ট
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডের পর থেকে ক্রমাগত কৃষক নেতাদের উপর চাপ বাড়িয়ে চলেছে কেন্দ্র। এমতাবস্থায় কেন্দ্রের হাত শক্ত করতে এবার আসরে নামল টুইটার। একের পর এক মুছে যাচ্ছে কৃষক আন্দোলন সমর্থনকারীদের অ্যাকাউন্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই টুইটারের রোষানলে পড়েছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম সহ দেশের একাধিক বিরোধী দল নেতা।

এমনকী কৃষকদের সংযুক্ত মঞ্চ 'কৃষক একতা মোর্চা’-র অ্যাকাউন্টও সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। বিশ্বখ্যাত মাইক্রোব্লগিং সংস্থার এহেন কার্যকলাপের পর স্বভাবতই তুমুল আলোড়ন তৈরি হয়েছে রাজ-রাজনীতিতে। এমনকী এই বহুল প্রচারিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অভিসন্ধি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এদিকে সূত্রের খবর সোমবার দুপুর থেকে টুইটার অ্যাকাউন্টগুলি আর দেখা যাচ্ছে না। আইনি কারণেই ভারতে এই অ্যাকাউন্টগুলি বন্ধ রাখা হয়েছে বলে টুইটার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
তবে কেন্দ্রের অঙ্গুলিলেহনেই যে টুইটার এত বড় পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল। গত ২৬ জানুয়ারি লালকেল্লায় আন্দোলনকারীদের 'তাণ্ডবের’ পর কড়া পদক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কৃষক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে গুরুতর ধারায় মামলা। দায়ের হয়েছে এফআইআর। এমতাবস্থায় টুইটারের এই পদক্ষেপে যে কৃষক নেতারা আরও চাপের মুখে পড়বেন তা বলাই বাহুল্য। সূত্রের খবর, গত ৩০ জানুয়ারি যে সমস্ত অ্যাকাউন্ট থেকে #ModiPlanningFarmerGenocide হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে সেই সমস্ত অ্যাকউন্টের বিরুদ্ধএ খাঁড়া নামাচ্ছে টুইটার। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের বর্তমানে এই হ্যাশ ট্যাগ ব্যবহার করা হয়েছে এমন ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করতে নির্দেশ দিয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications