আমিরশাহী থেকে ফিরছে ২ লক্ষ নাগরিক, বিরাট প্রত্যর্পণ কর্মযজ্ঞের সম্মুখে ভারত
আমিরশাহী থেকে ফিরছে ২ লক্ষ নাগরিক, বিরাট প্রত্যর্পণ কর্মযজ্ঞের সম্মুখে ভারত
করোনার জেরে সংযুক্ত আমিরশাহীতে আটকে রয়েছেন অসংখ্য ভারতীয়। এমতাবস্থায়, পরিস্থিতি কঠিন হওয়ার সাথে সাথে গত এক সপ্তাহে প্রায় ২ লক্ষ ভারতীয় দেশে ফেরার জন্য আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই দেশে ফেরার জন্য আবেদন জানাতে হুড়োহুড়ি পড়ে গেছে দূতাবাসেও।

রেজিস্ট্রেশনের ভিত্তিতে তৈরী হবে যাত্রী তালিকা
দিন কয়েক আগেই, দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট জেনারেলের একটি বিবৃতির মাধ্যমে জানায় ভিনদেশে আটকে পড়া প্রবাসী ভারতীয়দের নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের ভিত্তিতে তৈরী হবে যাত্রী তালিকা। শ্রমিক, বয়স্ক, জরুরি স্বাস্থ্যজনিত কারণ, অন্ত্বঃসত্ত্বা মহিলা ও কঠিন পরিস্থিতিতে যাঁরা আটকে পড়েছেন, তারাই অগ্রাধিকার পাবেন। কিন্তু, দূতাবাস সূত্রে খবর ইতিমধ্যেই ভারতে ফেরার জন্য ২০০,০০০ আবেদন জমা পড়েছে। সবাইকে দেশে ফেরাতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয় দূতাবাসের তরফে।

ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের
পরিস্থিতি মোকাবিলায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, আমিরশাহীতে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে আগামী ৭ মে দুটি বিশেষ উড়ান চালাবে ভারত। একটি বিমান দুবাই থেকে কোঝিকোড় এবং অপরটি আবু ধাবি থেকে কোচি অবধি যাবে।

থাকছে বিশেষ সচেতনতামূলক ব্যবস্থা
তবে, দেশে ফিরতে বিমানে ওঠার আগে অবশ্যই সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করতে হবে। একমাত্র করোনার উপসর্গবিহীন ব্যক্তিরাই পাবেন বিমানে ওঠার সুযোগ। এমনকি দেশের ফেরার পরেও বিশেষ পরীক্ষা হবে এবং তারপর তাদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এমন কড়া সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমেই প্রবাসী ভারতীয়দের দেশে ফেরানো হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications