দেড় বছরের মধ্যে পরিবর্তন ত্রিপুরায়! বিপ্লব দেবকে চ্যালেঞ্জ জানাতে ঘূঁটি সাজাচ্ছে তৃণমূল
দেড় বছরের মধ্যে পরিবর্তন ত্রিপুরায়! বিপ্লব দেবকে চ্যালেঞ্জ জানাতে শক্তি প্রদর্শনে অভিষেক
ফের ত্রিপুরা নিয়ে সরগরম হবে রাজনীতি। সুস্মিতা দেবের পর আবার ত্রিপুরায় পাড়ি দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে তিনি ত্রিপুরা যাচ্ছেন। আগরতলা তিনি মিছিল করবেন। ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর দুটোয় শুরু হবে অভিষেকের ত্রিপুরা অভিযান।

অভিষেকের নেতৃত্বে বুধবার শক্তি প্রদর্শন করবে তৃণমূল
বাংলার নির্বাচনে জেতার পরই ত্রিপুরার দিকে নজর দিয়েছিল তৃণমূল। তৃণমূল প্রশান্ত কিশোরের টিম আই প্যাককে ত্রিপুরায় পাঠিয়ে জল মাপতে চেয়েছিল। তারপর দলে দলে ত্রিপুরায় গিয়ে দু-মাস ভর সংগঠমের ভিত গড়েছে তৃণমূল। এবার তারা নামছে শক্তি পরীক্ষায়। অভিষেকের নেতৃত্বে আগামী বুধবার দল শক্তি প্রদর্শন করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

দু’মাসের মধ্যে তৃতীয়বার ত্রিপুরা মাটিতে পা অভিষেকের
বাংলায় যুদ্ধ জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারের বার্তা দিয়েছিলেন। সেইমতো তৃণমূলের প্রথম টার্গেট হয়েছিল ত্রিপুরা। তাই প্রশান্ত কিশোরের টিম আইপ্যাককে পাঠানোর পরই অভিষেক পা রেখেছিলেন ত্রিপুরার মাটিতে। প্রথমবার তাঁর ত্রিপুরায় আসা নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহা ত্রিপুরার মাটিতে গ্রেফতার হওয়ার পর গিয়েছিলেন অভিষেক। এবার দু'মাসের মধ্যে তৃতীয়বার ত্রিপুরা মাটিতে পা দেবেন অভিষেক।

তৃণমূল চাইছে সমগ্র শক্তিকে এক করে ত্রিপুরায় ঝাঁপাতে
তৃণমূল সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে উপস্থিত থাকবেন দলের একাধিক সাংসদ, বিধায়ক। থাকবেন ত্রিপুরার নেতৃত্বও। ত্রিপুরায় বিজেপি-কংগ্রেস-সিপিএম ছেড়ে আসা বিভিন্ন দলের নেতা-কর্মীরাও থাকবেন সামনের সারিতে। মোট কথা, তৃণমূল চাইছে সমগ্র শক্তিকে এক করে ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়তে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ত্রিপুরাকে এগিয়ে যাবে
তৃণমূল নেতা সুবল ভৌমিক জানান, ত্রিপুরায় ফ্যাসিস্ট শাসন চালাচ্ছে বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি সরকার। সই অবস্থা থেকে রাজ্যকে, রাজ্যবাসীকে মুক্তি দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। তিনি রাজ্যে পরিবর্তনের ডাক দেবেন। ত্রিপুরাকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার বার্তা দেবেন। বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে।

অভিষেকের লক্ষ্য দেড় বছরের মধ্যে ত্রিপুরা দখল
তবে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হতে পারে ত্রিপুরা। ত্রিপুরায় প্রথম বার পা দিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় বার তিনি গিয়েছিলেন বিক্ষাভ, প্রহার, গ্রেফতারের প্রতিবাদে। আর এবার যাচ্ছেন শক্তি প্রদর্শন করতে। উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক হুঁশিয়ারি দেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরা দখল করবেন তাঁরা।

ইডির জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৯ ঘণ্টা ইডির জেরার মুখোমুখি হয়েছেন। তারপর তিনি ত্রিপুরা যাচ্ছেন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। ইডি হামলার পরই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির ভয়ে তিনি বসে থাকবেন না। তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। তাঁর সেই কথামতোই তিনি এবার ত্রিপুরায় পা রাখতে চলেছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু কথার কথা বলেননি। তিনি তা করে দেখাতে তৈরি।












Click it and Unblock the Notifications