রাজস্থানের জয়পুরে গণধর্ষণ পশ্চিমবঙ্গের তরুণীকে

কাজের সন্ধানে গত ২৮ জুলাই জয়পুর পৌঁছন ওই তরুণী। একটি হোটেলে ওঠেন তিনি। কাজ খোঁজার ফাঁকে তিনি আজমির শরিফ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ৩০ জুলাই একটি গাড়ি ভাড়া নিয়ে তিনি আজমিরের উদ্দেশে রওনা হন। অভিযোগ, শহরের উপকণ্ঠে একটি ডিসপেনসারির কাছে হাইওয়েতে তাঁর গাড়ি ঘিরে ধরে জনা আটেক যুবক। তারা প্রথমে ওই তরুণীর মোবাইল ফোন, টাকা পয়সা কেড়ে নেয়। তার পর নিজেদের গাড়িতে জোর করে তুলে নেয় তাঁকে। একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। চারজন বাড়ির সামনে পাহারায় থাকে। বাকি চারজন মিলে ধর্ষণ করে তাঁকে। ঘণ্টা দুয়েক ধরে চলে অত্যাচার। তার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওই তরুণী বিধ্বস্ত অবস্থায় কোনও রকমে স্থানীয় থানায় পৌঁছন। সব শুনে সঙ্গে সঙ্গে অভিযোগ লিপিবদ্ধ করে পুলিশ। তরুণীর বর্ণনার ভিত্তিতে শুরু হয় পুলিশি অভিযান। ৪৮ ঘণ্টারও কম সময়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের নাম ভিকি (২৫) এবং অশোক (২২)।
পুলিশ জানিয়েছে, বাকি দু'জনের খোঁজে জয়পুর ও সংলগ্ন এলাকায় সব থানায় বার্তা পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি বাকি দু'জন ধর্ষণকারী ও তাদের চার সহযোগীকে পাকড়াও করা সম্ভব হবে বলে আশা।












Click it and Unblock the Notifications