বিজেপির প্রার্থী চাই কলকাতা ও হাওড়া পুরভোটে, ড্রপ বক্সে জমা পড়ল ৭০০ আবেদন
বিজেপির প্রার্থী চাই কলকাতা ও হাওড়া পুরভোটে, ড্রপ বক্সে জমা পড়ল ৭০০ আবেদন
একুশে নীলবাড়ির নির্বাচনী-যুদ্ধের পর এবার ছোট লালবাড়ি দখলের লড়াইয়ের অপেক্ষা। বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এবার তাই ছোট লালবাড়িপ লড়াইয়ে তৃণমূলস্তরের নেতৃত্বকে গুরুত্ব দিতে চাইছে পদ্মশিবির। বিজেপি যোগ্য প্রার্থীর অনুসন্ধানে তাই নতুন এক পদ্ধতি অবলম্বন করেছে। কোনও সুপারিশকে গুরুত্ব না দিয়ে এবার সরাসরি আবেদনপত্র সংগ্রহ করছে বিজেপি।

২০০-রও কম ওয়ার্ডে ইতিমধ্যেই ৭০০ আবেদন
রাজ্যের দুটি পুরসভার ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতা ও হাওড়ায় পুরভোটে প্রার্থী হওয়ার জন্য বিজেপিতে মুহুর্মুহু আবেদন জমা পড়ছে। কলকাতায় মোট ১৪৭টি ওয়ার্ড আর হাওড়ায় ৫০টি। সাকুল্যে ২০০-রও কম ওয়ার্ড। সেখানে ইতিমধ্যেই ৭০০ আবেদন জমা পড়ে গিয়েছে। এই আবেদনপত্র সরাসরি বিজেপির রাজ্য দফতরের ড্রপ বক্সে জমা পড়ছে।

স্বচ্ছ ভাবমূর্তির যোগ্য প্রার্থী চায় বিজেপি
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও হাওড়ায় প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন শ্রেণির প্রচুর মানুষ আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে যেমন পুরনো নেতা-নেত্রীরা আছেন, আছেন নতুনরাও। আর আছে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ধারার মানুষজন। সেখান থেকে স্বচ্ছ ভাবমূর্তির যোগ্য ব্যক্তিকে খুঁজে নেওয়া হবে। তাঁকেই প্রার্থী করা হবে আসন্ন পুরসভা নির্বাচনে।

কলকাতায় তিন গুণ, হাওড়ায় চার গুণ আবেদন
কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ডে প্রার্থী হতে চেয়ে এখনই পাঁচশোর উপর আবেদন জমা পড়েছে। আর হাওড়ার ৫০টি ওয়ার্ডের জন্য ২০০-র বেশি আবেদনপত্র জমা পড়েছে। এই সব আবেদন থেকে ওয়ার্ডভিত্তিক যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হচ্ছে। সেইসব যোগ্য প্রার্থীকে সামনে রেখেই এবার নির্বাচনে লড়বে বিজেপি।

চূড়ান্ত প্রার্থী তালিকার আগে বিজেপির পন্থা
বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার প্রার্থীবাছাইয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে জেলার মতামতকে। জেলা নেতৃত্বকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাজ্য নেতৃত্ব কাউকে চাপিয়ে দেবে না। যে নেতা বা নেত্রী যোগ্যতম হবেন, তিনিই হবেন বিজেপির প্রার্থী। কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে।

বিজেপি মনস্ক ব্যক্তিকেই এবার প্রার্থী
সম্প্রতি দেখা যাচ্ছে অনেক নেতা-নেত্রী বিজেপির টিকিয়ে জনপ্রতিনিধি হয়ে অন্য দলে যোগ দিচ্ছেন। বিশেষ করে বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়ছেন অনেকে। এবার এই রোগ সারাতে প্রথম থেকেই সতর্ক বিজেপি। বিজেপি চাইছে না এমন কাউকে প্রার্থী করতে যাঁর কিয়দংশও সম্ভাবনা রয়েছে দলবদলের। একেবারে বিজেপি মনস্ক ব্যক্তিকেই এবার প্রার্থী করার উপরে জোর দিচ্ছে গেরুয়া শিবির।

রাজ্য দফতরে ড্রপ বক্সের ব্যবস্থা
বিজেপি চাইছে কোনওভাবেই যেন মুখ না পোড়ে। তাই মণ্ডল ও জেলা থেকে যে সমস্ত নাম পাঠাবে, সেই নামই সুপারিশ করা হবে। তার জন্য রাজ্য দফতরে ড্রপ বক্সের ব্যবস্থা করা হয়েছে। সুপারিশ থাকলে যে শোনা হবে না, তা নয়। সুপারিশও গুরুত্ব দিয়ে শোনা হবে। তবে বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষার পর এবার চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা।












Click it and Unblock the Notifications